ফেডারেশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ লিনু
গত ফেব্রুয়ারিতে দক্ষিণ এশীয় গেমস সাইক্লিংয়ে ঘটে যাওয়া সেই কলঙ্কজনক ঘটনার জের এখনো চলছেই। পরশু সাইক্লিং ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় অভিযুক্ত সাইক্লিস্ট চিং বাই মারমাকে তিন মাস নিষিদ্ধ এবং কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ওই দলের ম্যানেজার বাংলাদেশের টিটির রানিখ্যাত জোবেরা রহমান লিনুকে আগামী এক বছর সাইক্লিংয়ে বড় কোনো দায়িত্ব না দেওয়ার পাশাপাশি ভর্ৎসনা করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এই সিদ্ধান্ত মানতে পারছেন না লিনু। তাঁর কথা, ‘তদন্ত কমিটির দেওয়া রিপোর্টে কোথাও আমাকে অভিযুক্ত করে বক্তব্য নেই। ফেডারেশনের সিদ্ধান্ত পত্রিকায় পড়ে জানার পর আমি বিস্মিত হয়েছি।’ এরপরই গিনেস বুক অব ওয়ার্ল্ভ্র রেকর্ডসে নাম তোলা তারকা প্রশ্ন রাখলেন, ‘কী করে ফেডারেশন আমাকে ভর্ৎসনা করে? আমি তো এ ঘটনায় জড়িত নই। তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন?’প্রশ্ন তুলে নিজেই উত্তর দিয়েছেন লিনু, ‘যদি ভর্ৎসনার ব্যাপারটি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলব, এটা আমাকে হেয় করার চেষ্টা।’ আগের মতো কালও নিজেকে নির্দোষ দাবি করলেন লিনু, ‘আমার কাজ ছিল সাইক্লিস্টদের সঙ্গে। আমি সেই দায়িত্ব পালন করেছি। চিং বাই মারমাকে কারা মোটরসাইকেলে ধাক্কা মেরে সোনা জেতানোর চেষ্টা করেছে, সেটা আমি বলতে পারব না। ওটার দায় আমার নয়। কাজেই আমাকে ভর্ৎসনা করার মতো কিছু নেই।’লিনুর এই দাবির সঙ্গে একমত নন ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু। তাঁর কথা, ‘তদন্ত কমিটির রিপোর্টে লিনুর নাম না থাকলেও ওই সময় দলের ম্যানেজার থাকায় তিনি দায়িত্ব এড়াতে পারেন না। এ জন্যই তাঁকে এক বছর সাইক্লিংয়ের কোনো দায়িত্ব না দেওয়ার পাশাপাশি চিঠি দিয়ে ভর্ৎসনা করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সিদ্ধান্তটা সর্বসম্মত এবং তা প্রস্তাব আকারে নেওয়া হয়েছে।’মানুর বক্তব্য মানতে পারছেন না লিনু, ‘ম্যানেজার ছিলাম। কিন্তু কেউ কোনো খারাপ কাজ করলে ম্যানেজারকে কেন দায় নিতে হবে? এটা ঠিক নয়।’