ফেডারেশনের হাতে নেই সাঁতারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অনুকূলে বরাদ্দ করা দুটি সুইমিংপুলের বরাদ্দ বাতিল করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সুইমিংপুল ও মিরপুর সাঁতার কমপ্লেক্সের সুইমিংপুলের ইজারার মেয়াদ শেষ ১৫ মে। আবারও নতুন করে ইজারা চেয়ে ফেডারেশন এনএসসি বরাবর আবেদন করলেও সে আবেদনে সাড়া দেয়নি সরকার।সাঁতারপুল দুটির ইজারা বাতিল করে দেওয়ায় আসন্ন দূরপাল্লার ও বয়সভিত্তিক সাঁতার অনিশ্চিত হয়ে পড়েছে। সাঁতারপুলের ইজারা বাতিলের ঘটনায় সাঁতারুদের অনুশীলন বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন)। এতে সাঁতার কার্যক্রমেও স্থবিরতা নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তিনি জানান, ‘এনএসসি থেকে ফেডারেশনকে যে বার্ষিক অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রশাসনিক খরচ, কর্মচারীদের বেতন-ভাতা, টেলিফোন বিলসহ অন্যান্য খাতে সেগুলো খরচ হয়ে যায়। এই পুল আবারও ইজারা না দিলে আমাদের বেশ কিছু কার্যক্রম ব্যাহত হবে।’ফেডারেশন কর্তাদের অভিযোগ, ঢাকার বাইরের সাঁতারপুলগুলোর দায়িত্ব এনএসসি না নিয়ে ঢাকার এই দুটি পুলের দিকে নজর দিচ্ছে শুধু ব্যবসায়িক স্বার্থে। ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার কথা, আর্থিক পৃষ্ঠপোষণাকারী প্রতিষ্ঠানগুলো সাঁতার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এবার এনএসসি পুল ইজারা বাতিল করায় আর্থিক দিক দিয়ে ফেডারেশন আরও বিপাকে পড়বে। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ বলেছেন, ‘কাজটা মোটেও ভালো হলো না। পুল ফেডারেশনের তত্ত্বাবধানেই থাকা উচিত।’ পুল ফেডারেশনের তত্ত্বাবধানে থাকা উচিত কি না, এ ব্যাপারে জানতে চাইলে এনএসসির সচিব শফিক আনোয়ার বলেন, ‘এটা নীতিগত বিষয়। সরকারের সিদ্ধান্তের ব্যাপার।’ তিনি আরও জানান, ‘পুলের ইজারা বাতিল করা হয়নি, সাঁতার ফেডারেশনের সঙ্গে তিন বছরের চুক্তির সময়সীমা শেষ হয়ে গেছে।’