ফেদেরার-আজারেঙ্কার দিন
প্রতিশোধ নিলেন রজার ফেদেরার। পরশু ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনালে জন ইসনারকে হারিয়ে ডেভিস কাপে হারের প্রতিশোধ তো নিলেনই, রেকর্ডও করে ফেললেন সুইস তারকা। রাফায়েল নাদালের সমান ১৯টি এটিপি মাস্টার্স ১০০০ জেতা হয়ে গেল তাঁর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টও জিতলেন রেকর্ড চতুর্থবারের মতো।মহিলা এককে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারার শোধ নেওয়ার সুযোগ ছিল মারিয়া শারাপোভারও। প্রতিশোধ তো হলোই না উল্টো সরাসরি সেটে হেরে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে। ফলে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়। ২০১২ সালে এখনো কোনো ম্যাচ না-হারা বেলারুশ তারকার এটা বছরের টানা চতুর্থ শিরোপা।রটারডাম ও দুবাইয়ের পর ফেদেরারের টানা তৃতীয় মাস্টার্স জয়ের পথে প্রথম সেটে ভালোই ঝামেলা করেছেন জন ইসনার। ‘ম্যারাথনম্যান’ নামের সার্থকতা বজায় রাখতেই কিনা প্রথম সেটটাকে নিয়ে যান টাইব্রেকারে। সেখানে হারেন ৯/৭ পয়েন্টে। অবশ্য দ্বিতীয় সেটে তাল মেলাতে পারেননি ফেদেরারের সঙ্গে, হেরেছেন ৬-৩ গেমে। চারবার ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা হাতে তুললেন ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত হ্যাটট্রিক শিরোপা জেতা ফেদেরার। পেছনে ফেললেন জিমি কনর্স ও মাইকেল চ্যাংকে।১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার টুর্নামেন্টের শুরুর দিকে ভুগছিলেন জ্বরে। সেই দিকে ইঙ্গিত করেই র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা বললেন, ‘সপ্তাহের প্রথম দিকের শঙ্কাটাকে দূরে সরিয়ে সবকিছুই ঠিকমতো হয়েছে, শিরোপাও জিতলাম। এটা দারুণ এক অনুভূতি।’অন্যদিকে শারাপোভাকে হারিয়ে ১০ লাখ ডলারের চেক পেয়েছেন আজারেঙ্কা। আর পেয়েছেন বছরের ২৩তম জয়। ১৯৯৭ সালে মার্টিনা হিঙ্গিসের টানা ৩৭ জয়ের পর এটাই মহিলা টেনিসে বছরের সেরা সূচনা। আর পরশুর জয়টি শারাপোভার বিপক্ষে তাঁর টানা পঞ্চম সরাসরি সেটে জয়।ম্যাচ শেষে নিজের ধারাবাহিকতা নিয়ে আজারেঙ্কা বলেছেন, ‘আমি খুব খুশি কারণ আমি ধারাবাহিক, নিয়মানুবর্তী ও পেশাদার হতে পেরেছি।’ এএফপি।