ফেদেরার-নাদাল জুটি
তার বাবা অস্ট্রেলীয়দের অনেকবারই আশা দেখিয়ে শেষ পর্যন্ত হতাশই করেছেন। এবার র্যাকেট হাতে কোর্টে নেমে পড়ল ক্রুজ হিউইট, লেটন হিউইটের দুই বছর বয়সী ছেলে। বাবার সঙ্গেই জুটি বাঁধল ‘ডাবলস’-এ। কিন্তু কোথায় কি, র্যাকেট হাতে নিয়েই ক্রুজের প্রবল কান্না।শেষে খেলা ফেলে ওজনিয়াকি-হেনিনরা এগিয়ে এলেন মাতৃহূদয় নিয়ে। ক্রুজের কান্না যদিও শেষ পর্যন্ত হাসিই ফুটিয়েছে রড লেভার অ্যারেনায় গ্যালারি উপচে পড়া ১৫ হাজার দর্শকের মুখে। রাফায়েল নাদাল, রজার ফেদেরার, কিম ক্লাইস্টার্সরাও শুরু থেকে সেই চেষ্টা করে গেছেন। মেলবোর্নে কালদের দিনটা আসলে হাসি ফোটাল টেনিস তারকাদের মুখেও। অস্ট্রেলিয়ার বন্যার্তরাও পেল একটু আনন্দ ও স্বস্তির উপলক্ষ।কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগের দিন কাল মেলবোর্নে আয়োজন করা হয়েছিল ‘র্যালি ফর রিলিফ’। বিশ্বের সেরা টেনিস তারকারা অংশ নেন এতে। জুটি বেঁধে খেলেছেন কোর্টের দুই চিরপ্রতিদ্বন্দ্বী নাদাল-ফেদেরার। দর্শকেরাও দারুণ সাড়া দিয়েছে। কেবল টিকিট বিক্রি থেকেই এসেছে ৩ লাখ অস্ট্রেলীয় ডলার। বিভিন্ন স্পনসর দান করেছে আরও কয়েক হাজার ডলার।বন্যার পানি ভিক্টোরিয়া রাজ্যেও এসে ঢুকেছে এরই মধ্যে, ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নে আজ শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। তবে কুইন্সল্যান্ডে বন্যার ভয়াবহতা এখনো বিপজ্জনক পর্যায়ে। এই কুইন্সল্যান্ডের রকহ্যাম্পটন শহর থেকে উঠে এসেছেন ফেদেরারের আদর্শ অস্ট্রেলীয় টেনিস কিংবদন্তি রড লেভার। বন্যার্তদের সাহায্য করার ধারণাটিও প্রথম এসেছিল ফেদেরারের মাথায়।দর্শকদের মজা দিতে বিচিত্র ভঙ্গিতে শট খেলেছেন ফেদেরাররা। একে অন্যের অঙ্গভঙ্গি, শট খেলার সময় করা চিৎকার নকল করে দেখিয়েছেন। আর এসব ব্যাপারে ওস্তাদ ‘জোকার’ জোকোভিচ তো ছিলেনই। তবে ক্লাইস্টার্স আর অস্ট্রেলিয়ারই মেয়ে স্টাসুর এক ফাঁকে এ ধরনের উদ্যোগের মহত্ত্বটাও মনে করিয়ে দিয়েছেন সবাইকে। এএফপি, রয়টার্স।