ফেদেরার-নাদালের যুগ শেষ!
ফেদেরার, নাদাল-ভক্তদের জন্য দুঃসংবাদ! শেষ হয়ে গেছে আপনাদের প্রিয় তারকার রাজত্ব। নতুন এ রাজত্বে প্রজা হয়ে কাটাতে হবে নাদাল, ফেদেরার—সবাইকেই! শুনতে আজগুবি লাগাটাই স্বাভাবিক। কে কী এমন করে ফেললেন যে রাতারাতি নতুন যুগের সূচনা হলো? না, কেউ এমন কিছু করে ফেলেননি। তবে ফেদেরার-নাদাল যুগের অবসানের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের উইলফ্রেড সঙ্গা!এ আবার কে? টেনিসকে আলোকিত করে রাখা তারকাদের নিয়ে ‘দুঃসাহসিক’ মন্তব্য করায় প্রশ্ন তুলতে পারেন অনেকেই। আসলে এখনো সেভাবে তারকা-খ্যাতি পাননি উইলফ্রেড। পুরুষ এককের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে আছেন। ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। কিন্তু নোভাক জোকোভিচের কাছে হেরে শিরোপা জয় করা হয়নি।এ পর্যন্ত পাঁচটি এটিপি শিরোপা জয় করা উইলফ্রেড বলছেন, ‘ফেদেরার-নাদালের যুগ শেষ। ক্লে কোর্টে নাদাল হয়তো এখনো একই রকম। কিন্তু অন্য কোর্টে নয়।’ তাহলে কার যুগ শুরু? প্রশ্নটার সমাধান নিজ থেকেই দিয়েছেন উইলফ্রেড, ‘জোকোভিচ ও মারে প্রায়ই ফেদেরার-নাদালকে হারাচ্ছেন। অনেক খেলোয়াড়ই নিজেকে ওপরে নিয়ে গেছেন। অবশ্যই এখন আর তাঁদের সময় নেই।’অন্যদের কথা বলার পর নিজের অবস্থাটাও তুলে ধরেছেন উইলফ্রেড। ২০১০ সালে চোটের কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকা এ ফরাসি বলছেন, ‘আমার খেলায়ও যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু আমার র্যাঙ্কিং একটু কমে গেছে। আমি বিশ্বাস করি, দুই তিন বছর আগের চেয়ে ভালো খেলছি আমি।’ ওয়েবসাইট।