ফেদেরার ফিরে পাচ্ছেন নিজেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় সেটে ২-৫ গেমে পিছিয়ে পড়েছিলেন রজার ফেদেরার। সেখান থেকে ফিরেই ৬-৩, ৫-৭, ৭-৬ (৭-৫)-এ হারিয়ে দিলেন টমাস বার্ডিচকে। পরশুর এই জয় এটিপি টরন্টো মাস্টার্সের সেমিফাইনালে তুলে দিয়েছে সুইস তারকাকে।এটিপি ট্যুরের আর দশটা জয়ের চেয়ে এটি একটু বেশি মধুরই হয়তো ফেদেরারের কাছে। এই মৌসুমেই টেনিস সার্কিটে যে কয়বার হেরেছেন, তার দুটি ছিল চেক প্রজাতন্ত্রের এই বার্ডিচের বিপক্ষেই। ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে ম্যাচ ও প্রতিপক্ষ সম্পর্কে ফেদেরারের ভাষ্য, ‘অসাধারণ একটা ম্যাচ গেছে। টমাস তার খেলাটাই খেলেছে।’ ফেদেরারের সঙ্গে শেষ চারে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল, সার্বিয়ার নোভাক জোকোভিচ ও স্কটিশ অ্যান্ডি মারে। এই তিন তারকা শেষ আটে হারিয়েছেন জার্মানির ফিলিপ কোলশেইবার, ফ্রান্সের জেরেমি চার্ডি, আর্জেন্টিনার ডেভিড নালবান্ডিয়ানকে।এদিকে সিনসিনাটি ডব্লুটিএ টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর তারকা সার্বিয়ার আনা ইভানোভিচ। বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সের বিপক্ষে খেলার সময় চোট নিয়ে কোর্ট ছেড়েছেন তিনি। ফ্রান্সের মারিয়ন বার্তোলিকে ৬-১, ৬-১-এ হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আরেক সাবেক এক নম্বর রাশিয়ার মারিয়া শারাপোভা। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাও শেষ চারে জায়গা করে নিয়েছেন ক্লাইস্টার্সের স্বদেশি ইয়ানিনা ভিকমায়ারকে হারিয়ে (৭-৫, ৩-৬, ৬-১)। এএফপি।