ফেদেরার বনাম ব্রিটিশ স্বপ্ন
ফ্রেড পেরির কাজটা অ্যান্ডি মারের চেয়ে সহজ ছিল। ১৯৩৬ সালে যখন সর্বশেষ ব্রিটিশ হিসেবে উইম্বলডন জিতলেন তখন পেরির ইতিহাস গড়ার দায় ছিল না। ব্রিটিশ টেনিস নিয়ে তখন হাহাকারও ছিল না। কেউ তাঁর সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেনি। আগের দুই বছরের চ্যাম্পিয়ন যে ছিলেন পেরিই। আর সবচেয়ে বড় কথা তাঁকে রজার ফেদেরারের মতো কোনো খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়নি ও পুরো একটি জাতির প্রত্যাশার চাপ বইতে হয়নি।এরপর ৭৬ বছর কেটে গেছে। পেরির উত্তরসূরি খুঁজতে খুঁজতে হয়রান হয়েছে ব্রিটিশরা। সেই খোঁজাখুঁজির ঝামেলাটা মিটে যেতে পারে আজই। পেরির উত্তরসূরি হওয়া থেকে মাত্র একটি ম্যাচের দূরত্বেই যে দাঁড়িয়ে আছেন অ্যান্ডি মারে। কাজটা যে কঠিন সেটা মারে নিজেও জানেন। আর জানেন বলেই বলেছেন একমাত্র নিখুঁত খেললেই সম্ভব ছয়বারের চ্যাম্পিয়ন ফেদেরারকে হারানো। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারও গুনছেন প্রতীক্ষার প্রহর। ২০১০ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর যে জেতা হয়নি কোনো গ্র্যান্ড স্লাম। আজ জিতলে হয়ে যাবে একসঙ্গে অনেকগুলো ব্যাপার। অবসান হবে প্রতীক্ষার, ছুঁয়ে ফেলবেন ‘আদর্শ’ পিট সাম্প্রাসের উইম্বলডন জয়ের রেকর্ড এবং আবার ফিরে পাবেন র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি। ফেদেরার নামের চ্যালেঞ্জটা কত বড় সেটা স্পষ্ট করলেন ২৫ বছরের মারে নিজেই, ‘এটা বিরাট এক চ্যালেঞ্জ। এমনই যে, আমার সম্ভবত ম্যাচটা জয়ের আশা করা উচিতই না। তবে আমি যদি ভালো খেলি, আমার পক্ষে জেতা সম্ভব। আমাকে চেষ্টা করতে হবে নিখুঁত একটা ম্যাচ খেলার।’উইম্বলডনে ফেদেরারের রেকর্ডকে ‘অবিশ্বাস্য’ বলেছেন মারে। আবার প্রতিপক্ষ ফেদেরার হওয়াতেই যে প্রত্যাশার চাপটা কমে গেছে বলতে ভোলেনি সেটাও, ‘এখন আমি যে চাপটা অনুভব করছি প্রতিপক্ষ অন্য কেউ হলে সেটা অন্য রকম হতো। তবে রোববার আমার ওপর চাপটা কমই থাকবে, কারণ আপনারা জানেন সে (ফেদেরার) কে।’চাপটা তাহলে ফেদেরারের ওপরই বেশি? ফেদেরার নিজেও অস্বীকার করছেন না, ‘আমার জন্য অনেক কিছুই অপেক্ষা করছে। আমি সেটা অস্বীকারও করছি না। তা ছাড়া চাপটাও বিশাল।’তবে চাপটা কীভাবে সামলাতে হয়, সেটা ফেদেরারের চেয়ে ভালো আর কে জানেন, ‘আমার সামনে একই সঙ্গে এক নম্বর হওয়ার ও শিরোপা জেতার সুযোগ। এটি তাই আমার জন্য বড় এক ম্যাচ। আশা করছি, আমি মাথা ঠান্ডা রেখেই খেলতে পারব। আমি নিশ্চিত আমি পারবই।’ এএফপি, ওয়েবসাইট।