ফেদেরার-শচীন আনন্দময় আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকার দেখা করেছেন টেনিসের মহাতারকা রজার ফেদেরারের সঙ্গে। বিশ্বের তাবত্ বোলাররা যেখানে টেন্ডুলকারকে পরাস্ত করতে হিমশিম খান, সেখানে ১৬ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকা মাস্টার ব্লাস্টারকে ‘পরাস্ত’ করেছেন, তাঁর ক্রিকেট-জ্ঞান দিয়ে।শচীন সব সময়ই ফেদেরারের ভক্ত। এ কথা তিনি বারবার বলেছেন। আর খেলা হিসেবে টেনিসের অবস্থান যে তাঁর কাছে ক্রিকেটের পরপরই, সে কথাও নতুন করে বলার অপেক্ষা রাখে না। টেনিসের সবচেয়ে মর্যাদাকর আসর উইম্বলডনের আসরে তাই প্রায়ই শচীনকে দেখা যায় নিমগ্ন সমর্থকের মতো তা উপভোগ করতে। গতকাল ফেদেরারের সঙ্গে ডেভিড নালব্যন্ডিয়ানের খেলাটা তিনি দেখলেন। শুধু দেখলেনই না, প্রিয় ফেদেরারের সঙ্গে কিছু সময়ও কাটিয়ে এলেন।রজার ফেদেরারের ক্রিকেট-জ্ঞানে মুগ্ধতাই ঝরে পড়েছে শচীন টেন্ডুলকারের কণ্ঠে। একই সঙ্গে তিনি মুগ্ধ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় টেনিস তারকার বিনয়ে। ‘উইম্বলডনের রয়্যাল বক্সে ফেদেরারের সঙ্গে কিছু সময় কাটানোটা দারুণ উপভোগ করেছি। কী অসাধারণ ব্যক্তি তিনি! কী অসাধারণ তাঁর বিনয়!’ ভক্ত শচীনের কণ্ঠে মুগ্ধতা।ফেদেরার নিজেও শচীনের সঙ্গে এই আলাপচারিতায় প্রচণ্ড আনন্দিত। তিনি বলেছেন, ‘সত্যিই একটি বিশেষ সময় কাটালাম ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের সঙ্গে।’ ফেদেরার নিজেই তাঁর ফেসবুক স্ট্যাটাস হিসেবে এ কথা লিখেছেন।উল্লেখ্য, রজার ফেদেরার ও শচীন টেন্ডুলকার দুজনই পরস্পরের ফেসবুক বন্ধু। পিটিআই।