ফেদেরার সাম্রাজ্যের ৩০০ সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণময় ক্যারিয়ারে কত রেকর্ডই না করলেন রজার ফেদেরার। রেকর্ড ভাঙাটাকে ছেলেখেলা বানিয়ে ছুঁয়েছেন কত না মাইলফলক। কিন্তু এই টেনিস কিংবদন্তি সর্বশেষ যে মাইলফলকটা স্পর্শ করলেন, সেটি শুধুই আরেকটি অর্জন নয়, তাঁর ক্যারিয়ারে অন্যতম গৌরবগাথা। যা এসেছে পরশু সাংহাই মাস্টার্সের তৃতীয় রাউন্ডে স্বদেশি বন্ধু স্তানিসলাস ওয়াওরিঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর। ফেদেরার নিশ্চিত করেছেন, আগামী সোমবারের এটিপি র‌্যাঙ্কিংয়েও ১ নম্বর থাকছেন। আর এটা হবে ১ নম্বর হিসেবে ফেদেরারের ৩০০তম সপ্তাহ। বয়স ছাড়িয়েছে ত্রিশ। যেভাবে খেলছিলেন দুই তরুণ প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল, ফেদেরার আবার বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হবেন, এটা নিয়ে বাজি ধরার লোক খুব কমই ছিল। মনে হচ্ছিল পিট সাম্পাসের রেকর্ড (২৮৬ সপ্তাহ) থেকে মাত্র এক সপ্তাহের দূরত্বেই শেষ হচ্ছে তাঁর ক্যারিয়ার। গ্র্যান্ড স্লাম জেতাটাকে অভ্যেস বানিয়ে ফেলা ফেদেরারের টানা নয়টি গ্র্যান্ড স্লাম থেকে খালি হাতে ফেরাটাও রসদ জুগিয়েছিল ওই বিতর্কে। সর্বজয়ী তারকাকে মনে হচ্ছিল ক্ষয়িষ্ণু এক শক্তি। সেই ফেদেরারই ফিরে এলেন। উইম্বলডন জিতে গ্র্যান্ড স্লাম শিরোপার খরা কাটালেন। আবার উঠে এলেন ১ নম্বরে। ছুঁয়ে ফেললেন সাম্প্রাসকে। এবার ছুঁয়ে ফেললেন ৩০০ সপ্তাহ।প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ সপ্তাহ ১ নম্বর, অবিশ্বাস্য কীর্তি করার পর যেন বিশ্বাস হচ্ছিল না ফেদেরারের, ‘কোনো সন্দেহ নেই, এটা আশ্চর্য এক সংখ্যা। এটা নিশ্চিত, যখন ছোট ছিলাম এই অর্জনের কথা কল্পনাও করিনি।’স্বপ্নের পরিধিটা কতখানি ছিল সেটিও বললেন সুইস তারকা, ‘আমি শুধু আশা করতাম, একদিন নিয়মিত ট্যুরে খেলে বেড়াব। আর এই স্বপ্নটা যেন সত্যি হয়। এ ছাড়া উইম্বলডন জয় এবং কোনো একসময় ১ নম্বর হওয়ার স্বপ্নটাও দেখতাম।’স্বপ্ন শুধু পূরণই হয়নি, ছাড়িয়েছে স্বপ্নের সীমানাও। ৩০০ সপ্তাহের রেকর্ডটাকে তাই অবিশ্বাস্যই মনে হচ্ছে ফেদেরারের, ‘৩০০ সপ্তাহ ১ নম্বর। এটা সত্যিই অবিশ্বাস্য। সম্ভবত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। আমি এই রেকর্ডটা নিয়ে খুব গর্বিত। এতে কোনোই সন্দেহ নেই।’ফেদেরার প্রথম বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হয়েছিলেন ২০০৪ সালের ফেব্রুয়ারিতে। নাদালের কাছে সিংহাসনটা ছাড়তে হয়েছিল ২০০৮ সালের আগস্টে। মাঝে টানা রেকর্ড ২৩৭ সপ্তাহ ছিলেন বিশ্বসেরা। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা এখনো স্পষ্ট মনে করতে পারেন প্রথমবার প্রথম হওয়ার অনুভূতিটা, ‘ওটা সে রকম কোনো মুহূর্ত নয়, যা ঘটে যাওয়ার পর আপনি ভুলে যান। ওখানে (১ নম্বরে) পৌঁছাতে আমাকে অনেক অনেক ভালো পারফরম্যান্স দেখাতে হয়েছে। উইম্বলডন জয়ের পর ওটাই ছিল আমার চূড়ান্ত লক্ষ্য, যা আমি অর্জন করেছিলাম। মাত্র নয় মাসের মধ্যেই ব্যাপারগুলো ঘটেছে। সময়টা এত টান টান ছিল যে ১ নম্বর হওয়ার পর যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। তবে এটা আমাকে বড় রকমের তৃপ্তিও দিয়েছে।’এক, দুই সপ্তাহ করে করে ৩০০ সপ্তাহ হয়ে গেল। আট বছর পরও ফেদেরারের তৃপ্তিটা কমেনি এতটুকু, ‘আট বছর পর তৃপ্তিটা যেন আরেকটু বেড়েছে। এটা বিশেষ কিছু। আমি বেশ কয়েকবারই ১ নম্বর স্থানটা খুইয়েছি, তবে যখনই ওটা ফেরত পেয়েছি, লম্বা সময়ের জন্যই পেয়েছি।’ফেদেরার মনে করছেন, সারা জীবনের কঠোর পরিশ্রমের ফসলই ৩০০ সপ্তাহ ১ নম্বর থাকাটা, ‘আমি কখনোই হাল ছাড়িনি। ভুলভ্রান্তি, ক্লান্তি, চোট, মানসিক অবসাদ এগুলো আমাকে কাবু করতে পারেনি। এভাবেই তো ৩০০-এর মতো অবিশ্বাস্য সংখ্যাটা পেয়ে গেলাম। এটা আমার জন্য বড় এক পুরস্কার। বেশ তৃপ্তিকর একটা অনুভূতি। এত লম্বা সময় শীর্ষে থাকাটা সহজ নয়।’ এএফপি।