ফেদেরারকে টপকালেন মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহে তিন শিরোপা। এশিয়া সফরটা দারুণ গেল অ্যান্ডি মারের। ব্যাংকক ও টোকিওর পর কাল সাংহাই রোলেক্স মাস্টার্সও জিতলেন এই স্কটিশ। কাল ফাইনালে স্পেনের ডেভিড ফেরারকে সরাসরি ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন। গত সপ্তাহে টোকিওতে শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদালকে হারিয়ে। ধারাবাহিক ভালো খেলার পুরস্কার র‌্যাঙ্কিংয়েও পেতে যাচ্ছেন মারে। এটিপি র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে আসাটা নিশ্চিত হয়ে গেছে তাঁর।রজার ফেদেরারকে সরিয়ে তাঁর তিনে উঠে আসাটার আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে আজ প্রকাশ হতে যাওয়া র‌্যাঙ্কিংয়ে। গত ২৬ ম্যাচের ২৫টিতে জেতা মারের জন্যই আট বছর পর র‌্যাঙ্কিংয়ের সেরা তিন থেকে ছিটকে গেলেন ১৬টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার। এদিকে ওসাকায় জাপান ওপেন জিতেছেন ফ্রান্সের মারিওন বারতোলি। এ জন্য তাঁকে এক দিনেই জিততে হয়েছে সেমিফাইনাল ও ফাইনাল। শেষ চারে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে হারানোর পর ফাইনালে কাল ইউএস ওপেনজয়ী অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে হারিয়েছেন ৬-৩, ৬-১ গেমে। রয়টার্স।