ফেদেরারকে থামিয়ে দিলেন বার্ডিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাত বছরে যে দৃশ্যটা নিয়মিতই দেখা যেত, এবার আর সেটা দেখা যাবে না উইম্বলডনে। পুরুষ এককের ফাইনালে এক প্রান্তে যিনিই থাকুন না কেন, অন্য পাশে যে ঠিকই খেলতেন রজার ফেদেরার। কিন্তু এবার সেই সম্ভাবনা কোয়ার্টার ফাইনালেই শেষ করে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। কাল ফেদেরারকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে তিনি ক্যারিয়ারের প্রথমবারের মতো অল ইংল্যান্ড ক্লাবের শেষ চারে উঠে গেলেন। ২০০২ সালে প্রথম রাউন্ডে ক্রোয়েশিয়ার মারিও এনকিকের কাছে হারের পরের বছর থেকে উইম্বলডনটা যেন নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন ফেদেরার। গত সাত বছরে শুধু একবারই ফাইনালে হেরেছিলেন, ২০০৮ সালের ওই মহাকাব্যিক ফাইনালে জিতেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। গত মাসে ফ্রেঞ্চ ওপেনেও এই কোয়ার্টার ফাইনালেই আটকে গিয়েছিলেন ফেদেরার। এবার উইম্বলডনে এসেও সেই কোয়ার্টার ফাইনালেই হোঁচট খেলেন সুইস ‘ফেড এক্সপ্রেস’। এএফপি।