ফেদেরারকে পেয়ে সেই জোকোভিচ

রজার ফেদেরার আর ১৮তম গ্র্যান্ড স্লামের মাঝে ব্যবধানটা আসলে কী? কোনো বিষয় নয়, বস্তু নয়, আসলে একজন ব্যক্তি। নাম তাঁর নোভাক জোকোভিচ।
গত বছর উইম্বলডন ফাইনালে মুখোমুখি দুজন। ফেদেরারের হার। ইউএস ওপেনের ফাইনালেও একই গল্প। এবার মঞ্চ ভিন্ন, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। জোকোভিচের সামনে ফেদেরার। এবারও হারলেন ফেদেরার। আরও একবার ১৮তম গ্র্যান্ড স্লামের আশা জাগিয়ে হতাশ হয়েই ফিরতে হলো সুইস মাস্টারকে।
১৮—সংখ্যাটি ফেদেরারের কাছে যেন একটা গেরো। মরীচিকা। ২০১২ উইম্বলডনের পর থেকেই বারবার তাঁর সঙ্গে প্রতারণা করে চলছে সংখ্যাটি। ওপেন যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড়টি ‘১৭’ থেকে আর শিরোপাসংখ্যায় ওপরে উঠতেই পারছেন না। একের পর এক গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট আসছে, আর শেষ হচ্ছে এই আক্ষেপ নিয়ে।
কাল অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেও তারই পুনরাবৃত্তি। ৬-১, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে ফেদেরারকে হারিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেলেন জোকোভিচ। ক্যারিয়ারের ১১তম গ্র্যান্ড স্লাম জিততে মিলোস রাওনিচ ও অ্যান্ডি মারের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীকে হারাতে হবে ২৮ বছর বয়সী সার্বিয়ানকে। রেকর্ড তাঁর পক্ষেই। অস্ট্রেলিয়ান ওপেনের আগের পাঁচ ফাইনালে যে হারের স্বাদ কেউ তাঁকে দিতে পারেনি।
শুধু রেকর্ড? ফর্মও জোকোভিচের হয়েই কথা বলে। কাল প্রথম দুই সেটে ফেদেরারকে দাঁড়াতেই দেননি। ওই ৪৬ মিনিটে এমন অবিশ্বাস্য খেলেছেন যে, নিজেই মুগ্ধ জোকোভিচ। ম্যাচ শেষে নিজেই ওই দুটি সেটকে ‘নিখুঁত’ বলে দিলেন শংসাপত্র।
তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন ফেদেরার। রড লেভার অ্যারেনার দর্শকদের বারবার ‘কাম অন, ফেডেক্স’ শুনতে শুনতে কিছুক্ষণের জন্য বেশ ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছিলেন ‘সুইস এক্সপ্রেস’। সেটটি জিতেও নিয়েছিলেন। শুধু জয়ই নয়, খেলার ধরন, আগ্রাসী মনোভাব, পয়েন্ট জিতে জোকোভিচের দিকে অগ্নিদৃষ্টিতে তাকানো—মনে হচ্ছিল যেন মধ্য বিশের ফেদেরার খেলছেন।
কিন্তু ওটুকুই। তৃতীয় সেটের পর বৃষ্টির আশঙ্কায় কোর্টের ওপরের ছাদ বন্ধ করতে মিনিট দশেকের মতো খেলায় বিরতি পড়ল। ফেদেরারের দাপটেও যতি। চতুর্থ সেটে একটা সময় ৩-৩ গেমে সমতায় ছিলেন। কিন্তু জোকোভিচের আক্রমণাত্মক টেনিসের সামনে পরে খেই হারালেন। পরের তিন গেমে ফেদেরারকে কোণঠাসা করে রেখে সেট ও ম্যাচ জিতে নিলেন ‘জোকার’।
ম্যাচ শেষে জোকোভিচ বলছিলেন, ফেদেরার-নাদালদের মতো সেরাদের সঙ্গে খেলাটা তাঁর সেরাটাই বের করে আনে। সেটির প্রমাণ তো ম্যাচেই রাখলেন সার্বিয়ান তারকা। জয়ের রহস্য জানালেন এভাবে, ‘জানতাম ও (ফেদেরার) আক্রমণাত্মক খেলবে। গতি দিয়ে চেষ্টা করবে, নেটের কাছে এসে খেলবে। কিন্তু আমিও ক্ষিপ্র ছিলাম। মনোযোগও ভালো ছিল। সবকিছুই নিখুঁতভাবে হয়েছে।’
নিখুঁতভাবে খেলে ক্যারিয়ারে ১৯তম গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে গেলেন জোকোভিচ। আর ফেদেরার? আরেকবার ১৮-এর আক্ষেপ নিয়ে বিদায় নিলেন। বয়স হয়ে গেছে ৩৪। আক্ষেপটা কি কাটবে? এএফপি।