ফেদেরারকে মৃত্যুহুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনিই সর্বকালের সেরা কি না, এটাই টেনিস-বিশ্বের সবচেয়ে মুখরোচক আলোচনার বিষয়। এ পর্যন্ত জিতেছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম, এই ৩১ বছর বয়সেও তিনি বিশ্বের ১ নম্বর খেলোয়াড়। একটা সময় তো এমনভাবেই ছড়ি ঘুরিয়েছেন, অসহায় প্রতিপক্ষ হয়তো মনে মনে ‘মৃত্যুকামনা’ করেছেন তাঁর। কথাটা নিছকই মজা করে বলা, তবে সত্যি সত্যিই এবার মৃত্যুহুমকি পেলেন রজার ফেদেরার। চীনের সাংহাই ওপেনে জোকোভিচ-মারেদের সঙ্গে তিনিও অংশ নিচ্ছেন। এটিপির এই টুর্নামেন্টে খেলতে এসেই ফেদেরার মৃত্যুহুমকি পেলেন। তবে খেলাসংক্রান্ত কিছু নয়, কারণটা একটু ভিন্ন। আগামীকাল প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাইডু ডট কম নামের ওয়েবসাইটে একজন ব্লগার হুমকি দিয়েছেন, আজই (৬ অক্টোবর) নাকি ফেদেরারের ‘মৃত্যুদণ্ড’ কার্যকর করা হবে। হুমকি দেওয়া এ লোকটির একটি গালভরা ছদ্মনাম আছে, ‘ব্লু ক্যাট পলিসথেটিক রিলিজিয়ন ফাউন্ডার ০৭।’ টেনিসের একাধিপত্যে অবসান ঘটানোই নাকি ফেদেরারকে হত্যা করতে চাওয়ার মূল কারণ। হুমকির পাশাপাশি একটা ছবিও পোস্ট করেছেন ওই লোক। যেখানে ফেদেরার টেনিস কোর্টে হাঁটু গেড়ে বসে আছেন আর কুঠার হাতে একজন জল্লাদ তাঁর শিরশ্ছেদ করছেন। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে একজন মাথামোটা লোকের কাণ্ড এটা। তবে আয়োজকেরা কোনো ঝুঁকি নেয়নি, ফেদেরার পরিবারের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে ফেদেরারের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সবকিছুই করবে তারা। আয়োজকদের আশা, এটা শুধু একটা ফাঁপা হুমকি। ১৯৯৩ সালেই এক খ্যাপাটে ভক্তের ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন প্রমীলা টেনিসের সাবেক তারকা মনিকা সেলেস। ওই ঘটনাটাই এমন হুমকিকে হেলাফেলা করার সুযোগ দিতে পারে না। এএফপি।