ফেদেরারকে রেকর্ডের হাতছানি
রেকর্ড ষষ্ঠ ইউএস ওপেন জয়ের হাতছানি তাঁর সামনে। বয়স হয়ে গেছে ৩১, রজার ফেদেরারের জন্য এটাই মহার্ঘ্য সুযোগ। আজ থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে সবার দৃষ্টি থাকবে তাই ফেদেরারের ওপর। গত ৮৭ বছরে ফ্ল্যাশিং মিডোতে পাঁচবারের বেশি মুকুট পরতে পারেননি কেউই। জিমি কনর্স ও পিট সাম্প্রাস ফেদেরারের সঙ্গে আছেন একই সমান্তরালে। ফেদেরার সবাইকে ছাড়িয়ে নিজেকে এক নতুন উচ্চতায় নিতে পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে গতবারের স্মৃতিটা রেকর্ডের বরপুত্রের সুখের ছিল না মোটেই। সেমিফাইনালে ম্যাচ পয়েন্টের সামনে গিয়েও ম্যাচটা খুইয়েছিলেন নোভাক জোকোভিচের কাছে। জোকোভিচই হেসেছিলেন শেষ হাসি। ফেদেরার অবশ্য রেকর্ড নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন, বরং অপেক্ষায় আপত্তি নেই তাঁর, ‘মাঝে মাঝে আপনাকে ধৈর্য ধরতেই হবে। আপনাকে পরিশ্রম করতে হবে এবং বিশ্বাস করতে হবে আপনি যা করছেন সেটাই ঠিক।’ এ নিয়ে টানা ৩৩টি গ্র্যান্ড স্লামে কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে ফিরে যেতে হয়নি, ইউএস ওপেনের ষষ্ঠ শিরোপা জিততে হলে তাঁকে পেরোতে হবে আরও তিন ধাপ। গতবারের ফাইনালিস্ট জোকোভিচের সঙ্গে ফাইনালের আগে এবার দেখা হচ্ছে না। কিন্তু সেমিফাইনালেই কাঁটা বিছিয়ে দিতে পারেন আরেক প্রতিদ্বন্দ্বী—অ্যান্ডি মারে। জোকোভিচও জয়ের কথাটা সরাসরি বলছেন না। তিনি সঙ্গে নিয়ে এসেছেন ‘উপভোগ-দর্শন’, এবারও নিউইয়র্কে দুর্দান্ত কিছু সময় কাটাতে চান, ‘এই টুর্নামেন্টে খেলতে আমি সব সময়ই ভালোবাসি। দুবার আমি এখানে ফাইনালে খেলেছি। নিউইয়র্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা একটা অবিশ্বাস্য অনুভূতি।’ রাফায়েল নাদাল হাঁটুর চোটের কারণে ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। ফেদেরার-জোকোভিচের বাইরে তাই অ্যান্ডি মারেও এবার ফেবারিট। লন্ডন অলিম্পিকে সোনা জিতে আভাস দিয়েছেন শক্ত চ্যালেঞ্জই ছুড়ে দেবেন স্কটিশ তারকা। গ্র্যান্ড স্লামটা এখনো অধরা। তৃতীয় বাছাই মারে প্রথমবারের মতো শিরোপা হাতে নিতে উদগ্রীব হয়েই আছেন। তবে প্রস্তুতিটা খুব একটা ভালো হয়নি তাঁর, টরোন্টোতে হাঁটুর চোটের কারণে খেলতেই পারেননি। আর সিনসিনাটিতে তো দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ে যান। তাই বলে আত্মবিশ্বাসে মোটেই কমতি নেই তাঁর, ‘আমি এই মুহূর্তে খুবই আত্মবিশ্বাসী। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত পাঁচ-ছয় দিন আমি অনেক খেটেছি। এখন আমি সম্পূর্ণ প্রস্তুত।’ ফেদেরার-জোকোভিচ-মারে ত্রয়ীর বাইরে বাকিরা পাদপ্রদীপের আড়ালে। কে জানে, ফেরার, দেল পোত্রো, সোঙ্গারা নতুন কোনো রূপকথার জন্ম দেন কি না! মহিলাদের এককে সন্দেহাতীত ফেবারিট সেরেনা উইলিয়ামস। উইম্বলডন ও অলিম্পিকে জেতার পর সেটাই অবশ্য স্বাভাবিক। যদিও নিজের দেশের গ্র্যান্ড স্লামের বাছাই তালিকায় সেরেনা আছেন চারে। কিন্তু এই বাছাই দিয়ে সেরেনাকে বিচার করতে নারাজ শীর্ষ আজারেঙ্কা, দ্বিতীয় বাছাই রাদওয়ানস্কা ও তৃতীয় শারাপোভা। তাঁদের সবার ফেবারিট সেরেনা। ওহ্, সামান্থা স্টোসুরের কথা অনেকে ভুলেই বসে আছেন। গতবারের চ্যাম্পিয়ন এই অস্ট্রেলিয়ান হুঙ্কার দিয়েছেন, গতবারের জয়টা যে ‘ফ্লুক’ ছিল না সেটি তিনি প্রমাণ করবেন! এএফপি, রয়টার্স।