ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

এখন পর্যন্ত ১৩টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতলেও বছর শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপাটা একবারও হাতে তুলতে পারেননি রাফায়েল নাদাল। ২০১০ সালে ফাইনাল পর্যন্ত যেতে পারলেও শিরোপাটা ছিল অধরাই। রজার ফেদেরারের কাছে হেরে সেবার শিরোপাবঞ্চিত হতে হয়েছিল স্প্যানিশ তারকাকে। এবার সেই ফেদেরারকে হারিয়েই আক্ষেপ ঘোচানোর পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নাদাল। সেমিফাইনালে ফেদেরারকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে চলে গেছেন ফাইনালে।
ছাদঢাকা কোর্টে এর আগের চারটি মুখোমুখি লড়াইয়ে জয়ের দেখা পেয়েছিলেন ফেদেরার। আজ শুরুটাও করেছিলেন ভালোভাবেই। কিন্তু উত্তেজনাপূর্ণ প্রথম সেটটা হেরে যান ৭-৫ গেমে। দ্বিতীয় সেটে তুলনামূলক সহজ জয়ই পেয়েছেন নাদাল। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনাল নিশ্চিত করার পর নাদাল বলেছেন, ‘আমি খুবই খুশি। এই শিরোপাটা জিতলে মৌসুমটা দারুণভাবে শেষ হবে। আর এটাই হয়তো হয়ে যাবে আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম।’ শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে নোভাক জকোভিচ অথবা স্টানিলাস ওয়ারিঙ্কার মুখোমুখি হবেন নাদাল। — বিবিসি অনলাইন