ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল

চোট আর বাজে ফর্ম মিলিয়ে ২০১৩ সালটা ভীষণ খারাপই কেটেছে রজার ফেদেরারের। গেল বছর ঘরে তুলতে পেরেছিলেন একটি মাত্র শিরোপা। ভেবেছিলেন, দুঃসময়কে অস্ট্রেলিয়ান ওপেনেই পেছনে ফেলবেন। এ কারণে সুইডেনের সাবেক এক নম্বর স্টেফান এডবার্গকে কোচও করেছেন। কিন্তু তা আর হলো কই? রাফায়েল নাদালের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে সাফল্যের স্বপ্নটাকে মাটিচাপাই দিতে হলো সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লামের মালিককে।
যে হাতে র্যাকেট চালান, নাদালের সেই হাতে ফোসকা পড়েছিল আগেই। ক্ষতহাতেই কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে। আজ মহারণে নাদালকে কেবল ফেদেরারের বিপক্ষেই খেলতে হয়নি, একই সঙ্গে খেলতে হয়েছে হাতের চোটের বিপক্ষেও! কিন্তু মনে জোর থাকলে শত বিপত্তিও কি আটকাতে পারে প্রকৃত বীরকে? নাদালকেও পারেনি। ফেদেরারকে ৭-৬ (৭-৪), ৬-৩,৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। সেখানে আগে থেকে অপেক্ষা করছেন স্তানিসলাস ভাভরিঙ্কা।
ম্যাচে নাদালের আনফোর্সড এরর ছিল ২৫টি, ফেদেরারের ৫০টি। নাদালের মোট পয়েন্ট ১০৫, ফেদেরারের ৮৬।
আসলে সাম্প্রতিক সময়ের ফর্ম, পরিসংখ্যান, ইতিহাস কোনটিই ফেদেরারের পক্ষে ছিল না। অস্ট্রেলিয়ান ওপেনে এটি দুজনের তৃতীয় সাক্ষাত্। এই টুর্নামেন্টে এ নিয়ে টানা তিনবারই জিতলেন নাদাল। এ ছাড়া ২০০৭ সালের উইম্বলডনের পর কোনো গ্র্যান্ডস্লামেই নাদালের বিপক্ষে জিততে পারেননি ফেদেরার। এ ছাড়া দুজনের লড়াইয়ে ক্লে ও হার্ড কোর্টের মুখোমুখি লড়াইয়েও নাদাল বরাবারই এগিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনের হার্ড কোর্টে আজও জিতে নাদাল নিজের শ্রেষ্ঠত্বই স্মরণ করিয়ে দিলেন।
পরিসংখ্যান-টরিসংখ্যান বলে লাভ নেই। কেননা তা কেবল ফেদেরার-ভক্তদের নিঃশ্বাসই ভারী করবে। বরং বিজয়ে উচ্ছ্বসিত নাদালের অভিব্যক্তিই শুনি। বললেন, ‘আজ রাতে টুর্নামেন্টের সেরা খেলাটা খেলেছি। ফলে ভীষণ খুশি।’ গত বছর অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি। সে প্রসঙ্গেও বললেন, ‘গত বছর খেলার সুযোগ হাতছাড়া হওয়ার পর রড লেভারের কোর্টে ফিরে সত্যি ভীষণ আবেগাক্রান্ত।’
রোববার আরেক সুইস ভাভরিঙ্কার মুখোমুখি হচ্ছেন। সেমিফাইনালে টমাস বার্ডিচকে হারানো ভাভরিঙ্কার এটাই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ফাইনাল। আর নাদাল খেলবেন ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ডস্লাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠলেন তৃতীয়বার। ২০০৯ সালে চ্যাম্পিয়ন হলেও ২০১২তে হেরে গিয়েছিলেন নোভাক জোকোভিচের কাছে। রোববার জিতলে পিট সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন নাদাল। সামনে থাকবে কেবল ১৭টি গ্র্যান্ডস্লাম-জয়ী ফেদেরারের রেকর্ডটি।