ফেদেরারকে হারিয়ে ফাইনালে নাদাল
মাদ্রিদ মাস্টার্সে আগের দুবার দেখা হয়েছিল ফাইনালে। ২০০৯ সালে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। ২০১০ সালে নাদাল মেটান প্রতিশোধের জ্বালা। এবার সেমিফাইনালেই হয়ে গেল এ সময়ের সবচেয়ে কাঙ্ক্ষিত নাদাল-ফেদেরার দ্বৈরথ। তাতে সাবেক এক নম্বর তারকাকে হারিয়ে ফাইনালে উঠে গেলেন বর্তমানের এক নম্বর নাদাল। কাল ফেদেরারের মুখোমুখি হওয়ার আগে অন্য রকম এক আবেগ ছুঁয়ে যায় নাদালকে। গতকালই মস্তিষ্কের টিউমারের কাছে হেরে স্বর্গবাসী হয়েছেন সেভে বালেস্তেরোস। স্বদেশি এই কিংবদন্তি গলফারের মৃত্যুশোকে নাদাল ছিলেন মুহ্যমান। এই ঘোরের মধ্যেই হেরে যান প্রথম সেট। কিন্তু কারও মৃত্যুশোককে শক্তিতে পরিণত করতে পারলে ফল কী হয়, তা পরের দুই সেটে টের পেয়েছেন ফেদেরার। প্রথম সেট ৫-৭ ব্যবধানে জিতে এগিয়ে যাওয়া ফেদেরার পরের দুই সেটে পাত্তাই পাননি। ৫-৭, ৬-১, ৬-৩ গেমে জিতে টানা পঞ্চম শিরোপার দ্বারপ্রান্তে নাদাল।ফাইনালে তাঁর প্রতিপক্ষ নোভাক জোকোভিচ কিংবা এবারের টুর্নামেন্টের বিস্ময় বিশ্বের ৩৬ নম্বর খেলোয়াড় ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চি। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি এই দুজন। এএফপি।