ফেদেরারকে হারিয়ে শিরোপা জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিপি মাস্টার্সের শিরোপা হাতে হাস্যোজ্জ্বল জোকোভিচ। ছবি: রয়টার্স
এটিপি মাস্টার্সের শিরোপা হাতে হাস্যোজ্জ্বল জোকোভিচ। ছবি: রয়টার্স

ইন্ডিয়ান ওয়েলসে এটিপি মাস্টার্সের ফাইনালে উঠেছেন অথচ শিরোপা জিততে পারেননি, এমনটা আগে কখনো হয়নি রজার ফেদেরারের। এবারই ঘটল ব্যতিক্রম। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে নোভাক জোকোভিচের কাছে হার মানতে হলো এই সুইস তারকাকে। উত্তেজনাপূর্ণ দ্বৈরথে ৩-৬, ৬-৩, ৭-৬(৭/৩) গেমের জয় দিয়ে তৃতীয়বারের মতো এটিপি মাস্টার্সের শিরোপা জিতেছেন জোকোভিচ। ২০১৪ সালে এটাই এই সার্বিয়ান তারকার প্রথম শিরোপা।

এ মাসের শুরুতেই দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফেদেরারের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল জোকোভিচকে। ইন্ডিয়ান ওয়েলসে যেন সেটারই শোধ নিলেন ‘জোকার’। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা লড়াইটা শেষ পর্যন্ত জোকোভিচ জিতেছেন টাইব্রেকারে। ম্যাচ শেষে তৃপ্তিই ঝরল তাঁর কণ্ঠে, ‘এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। রজার খুবই ভালো খেলেছে। তার বিপক্ষে খেলাটা সব সময়ই আনন্দের ব্যাপার।’

শিরোপা হাতছাড়া হয়ে গেলেও ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেল ফেদেরারকেও, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি। আমার ধারণা, আমি এখন খুবই ভালো খেলছি আর নিজের খেলাটা উপভোগও করছি। অবশ্যই আমি ম্যাচটা জিততে চেয়েছিলাম কিন্তু নোভাক কাজটা খুবই কঠিন করে দিয়েছে। শিরোপা জেতার জন্য তাকে অভিনন্দন।’
ইন্ডিয়ান ওয়েলসে এটিপি মাস্টার্সের শিরোপা সবচেয়ে বেশি চারবার জেতার রেকর্ডটা এখনো আছে ফেদেরারেরই দখলে। জোকোভিচ আর রাফায়েল নাদাল জিতেছেন তিনটি করে শিরোপা।— রয়টার্স