ফেদেরারকেও তো ছুঁয়েই ফেললেন সেরেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস
রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস

টেনিসে পুরুষ আর নারীদের খেলার তুলনা করা মানে তো আরও একটা ‘ব্যাটল অব সেক্সেস’-এর সূচনা করা। দুই ধরনের টেনিসে হয়তো তুলনা চলে না। কিন্তু এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব সামান্যই, রজার ফেদেরার যেমন টেনিসের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছেন নিজের নাম, সেই একই উচ্চতায় নিজেকে মেলে ধরছেন সেরেনা উইলিয়ামসও।
পুরুষ এককে সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা রেকর্ড হলেও মেয়েদের টেনিসে সেই সংখ্যাটি কিন্তু ২২! এতগুলোই গ্র্যান্ড স্লাম জিতেছেন স্টেফি গ্রাফ। ওপেন যুগে মেয়েদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ীদের এই তালিকায় সেরেনা এখনো তিনে। গ্রাফ ছাড়াও তাঁর ওপরে আছেন ১৮টি করে শিরোপা জেতা ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা।
কিন্তু এই ৩১ বছর বয়সেও যে হাঁটু বয়েসি মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে দোর্দণ্ড প্রতাপে মেয়েদের টেনিসে ছড়ি ঘোরাচ্ছেন, এর জন্য বিশেষ কৃতিত্ব দিতে হবে সেরেনাকে। মেয়েদের টেনিসে যে কুড়িতে বুড়ি কথাটা ভীষণভাবে সত্যি। আজকের ফাইনালেও সেরেনার প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা যেমন বয়সে সাত বছরের ছোট।
এ কারণেই হয়তো কোর্টে নামার আগেই আজারেঙ্কা বলে বসলেন, ‘মেয়েদের টেনিসে সেরেনাই সর্বকালের সেরা।’ সেরেনা অবশ্য কোনোভাবেই নিজেকে সেরা মানতে নারাজ, ‘আমি নিজেকে কখনোই অজেয় মনে করি না। আমি রক্ত-মাংসের মানুষ। আমও স্নায়ুচাপে ভুগি।’
ক্রিস এভার্টের চেয়ে মাত্র দুটো মেজর খেতাব কম জিতেছেন সেরেনা। ২০১১ সালে দুর্ঘটনায় আহত হয়ে কিছুদিন মাঠের বাইরে ছিলেন। এরপর ফিরে তিনি যেন মিটিয়ে নিচ্ছেন কোর্টে অনুপস্থিত থাকার ঝালটা। লোকে ভুলতেই বসেছে, সেরেনা আদৌ হারতে পারেন কি না। সর্বশেষ ৬৮টি ম্যাচের ৬৪টিতেই জিতেছেন সেরেনা।
সেরেনা শুক্রবার লি নাকে যেভাবে হারালেন, তাতে আজারেঙ্কার মনে ভয় ধরতে বাধ্য। পঞ্চম বাছাই লি না স্রেফ উড়ে গেলেন ৬-০, ৬-৩ গেমে। সেদিন সেরেনার সামনে লি নাকে মনে হচ্ছিল শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জীবনের প্রথম প্রতিযোগিতামূলক খেলা খেলতে নামা কোনো অনভিজ্ঞ তরুণীর মতো।
অন্যদিকে বিশ্বের ৮৩ নম্বর ইতালির ফ্লাবিয়া পানেত্তাকে ৬-৪, ৬-২ গেমে হারালেও আজারেঙ্কার খেলায় একদমই আগ্রাসনের ছিটেফোটা দেখতে পাননি দর্শকেরা। তাঁর সর্বশেষ চারটি ম্যাচ কোনোভাবেই ফাইনালে সেরেনার সঙ্গে পেরে ওঠার ইঙ্গিত দিচ্ছে না।
আজকের ফাইনালেই তাই ধরে নিতে পারেন, ১৭ নম্বরটিও আসছে সেরেনার। ফেদেরারকে আজই ছুঁয়ে ফেলবেন সেরেনা!

আগামীকাল পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।