ফেদেরারদের ডেভিস কাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ ম্যাচ পর ডেভিস কাপে হারলেন রজার ফেদেরার। পরশু সুইজারল্যান্ডের ফ্রাইবুর্গে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে ৪-৬, ৬-৩, ৭-৬ (৭/৪), ৬-২ গেমে হেরে গেছেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকা। ডেভিস কাপে তাঁর সর্বশেষ হারটি ছিল ২০০০ সালে অস্ট্রেলিয়ার লেটন হিউয়িটের কাছে। ফেদেরারের আগেই তাঁর সতীর্থ স্তানিস্লাস ওয়াওরিঙ্কা হেরে যান মার্ডি ফিশের কাছে। পরে দ্বৈতেও হেরে ডেভিস কাপই শেষ হয়ে গেছে ফেদেরার-ওয়াওরিঙ্কাদের। পাঁচ ম্যাচের প্রথম তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র।জন ইসনার টেনিস ইতিহাসে ঢুকে গেছেন নিকোলাস মাহুতের সঙ্গে ১১ ঘণ্টা ৫ মিনিটের সেই ম্যারাথন ম্যাচ দিয়ে। ম্যারাথনম্যানই এখন তাঁর উপাধি। কিন্তু টেনিস খেলোয়াড় হিসেবে সবচেয়ে বড় তৃপ্তিটা বোধহয় পরশুই পেলেন ‘দৈত্যাকার’ ইসনার। ২ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ের পর ইসনার নিজেই বলেছেন সেটা, ‘এটা আমার জীবনের অন্যতম সেরা জয়, না ভুল বললাম, এটা আমার জীবনের সেরা জয়।’তবে ফেদেরারকে হারানোর সব কৃতিত্বই ইসনার দিয়েছেন অধিনায়ক জিম কুরিয়ারকে।দিনের প্রথম ম্যাচে মার্ডি ফিশ ৬-২, ৪-৬, ৪-৬, ৬-১, ৯-৭ গেমে জিতেছেন ওয়াওরিঙ্কার বিপক্ষে। দল ০-২-এ পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছিলেন ফেদেরার। বেইজিং অলিম্পিকে ওয়াওরিঙ্কার সঙ্গে জুটি বেঁধেই ফেদেরার দ্বৈতের সোনা জিতেছিলেন। এবারও যখন জুটি সেই ওয়াওরিঙ্কার সঙ্গেই, ফেদেরারের প্রত্যাশার ঘর বাঁধার কারণও ছিল। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের মাইক ব্রায়ান ও মার্ডি ফিশ জুটির কাছে ফেদেরার-ওয়াওরিঙ্কা ৬-৪, ৩-৬, ৩-৬, ৩-৬ গেমে হেরে যাওয়ায় শেষ স্বাগতিক সুইজারল্যান্ডের ডেভিস কাপের স্বপ্ন।রাফায়েল নাদালকে ছাড়াই বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ২-০ ব্যবধানে এগিয়ে আছে কাজাখস্তানের বিপক্ষে। নোভাক জোকোভিচকে ছাড়া সুইডেনের বিপক্ষে একই ব্যবধানে এগিয়ে সার্বিয়াও।পরশু অঘটন দেখেছে মহিলা টেনিসও। প্যারিসে জিডিএফ সুয়েজ ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা। ৬-৪, ৬-৪ গেমে এই রাশিয়ান হেরেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারের কাছে। এই প্রথম শীর্ষ পাঁচের কাউকে হারালেন কেরবার।শীর্ষ বাছাই শারাপোভা হারলেও জিতেছেন মারিয়ন বারতোলি। এই ফরাসি ৪-৬, ৬-৪, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন ইতালির রবার্তা ভিঞ্চিকে। এএফপি।