ফেদেরারে রোজওয়ালের ছায়া

প্রায় ১৫ হাজার দর্শকের মধ্যে তিনিও ছিলেন একজন। অল ইংল্যান্ড ক্লাবের রয়্যাল বক্সে বসেই দেখলেন রজার ফেদেরারের সেই কীর্তি। ৩৬ ছুঁই-ছুঁই ফেদেরার উইম্বলডনের সেমিফাইনালে হারালেন টমাস বারডিচকে, হয়ে গেলেন গত ৪৩ বছরের মধ্যে উইম্বলডনের সবচেয়ে বেশি বয়সী ফাইনালিস্ট। ম্যাচের পর মুগ্ধ দর্শকদের সঙ্গে করতালি দিয়ে সুইস কিংবদন্তিকে অভিনন্দন জানালেন রয়্যাল বক্সের সেই ভদ্রলোকও। যদিও চাইলে ঠোঁট উল্টে তিনি বলতে পারতেন, ‘এ আর এমন কী! ওর (ফেদেরারের) চেয়ে বেশি বয়সে তো আমিই উইম্বলডনের ফাইনালে খেলেছি।’
ভদ্রলোকের নাম কেন রোজওয়াল। ২২ বছর বয়সী জিমি কনর্সের কাছে যখন ১৯৭৪ উইম্বলডনের ফাইনালে হারেন, রোজওয়ালের বয়স ৩৯ বছর ২৪৬ দিন। এখনো সেটাই সবচেয়ে বেশি বয়সে উইম্বলডনের ফাইনাল খেলার রেকর্ড হয়ে আছে। শুধু এটুকুই নয়, ১৯৭২ সালে রোজওয়াল যখন অস্ট্রেলিয়ান ওপেন জেতেন, বয়স ৩৭ বছর ২ মাস ১ দিন। ওটা এখনো উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড। ফেদেরার তো সেই তুলনায় অনেক পেছনে।
বিনয়ের ক্ষেত্রেও রোজওয়াল বোধ হয় ফেদেরারের চেয়ে এক ধাপ এগিয়ে। নইলে কি আর এত সব কীর্তির মালিক হয়েও হাসি মুখে বলেন, ‘আমিও অনেকের মতোই রজারের ভক্ত। ওর খেলা আমার দারুণ ভালো লাগে। আমার তো মনে হয় আরও কয়েক বছর সে নিশ্চিন্তে টেনিস চালিয়ে যেতে পারবে।’
আজ ফাইনালে জিতলেই ফেদেরার অবশ্য উন্মুক্ত যুগে উইম্বলডনের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ চ্যাম্পিয়ন হয়ে যাবেন। পেছনে ফেলে দেবেন ১৯৭৫ সালে ৩১ বছর ১১ মাস ২৫ দিন বয়সে উইম্বলডনজয়ী আর্থার অ্যাশকে। আরও কয়েক বছর খেললে রোজওয়ালের রেকর্ডটাও নিজের করে নেওয়ার সুযোগ থাকবে। রোজওয়ালের কথা শুনে অবশ্য মনে হয় না, তাতে তিনি খুব একটা মন খারাপ করবেন। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এই অস্ট্রেলিয়ান বলেছেন, ‘রজারের সঙ্গে আমার তুলনা হচ্ছে দেখে ভালোই লাগে। ৩৫ বছর বয়স হয়ে যাওয়ার পর ক্যারিয়ারের সেরা টেনিসটা খেলেছি আমি। রজারও তো সেটাই করছে। আরও দুই-তিন বছর ওর খেলা চালিয়ে যেতে না পারার কোনো কারণ দেখি না। আর যদি কেউ আমার রেকর্ড ভাঙে, সেটা রজার হলেই আমি বেশি খুশি হব।’
এখনকার খেলোয়াড়দের ফিটনেস, খেলার প্রতি নিবেদনসহ আরও অনেক কিছুতেই মুগ্ধ। হাসতে হাসতেই বললেন, নিজের সেরা সময়টায় ফেদেরারকে পেলে একবার লড়ে দেখতেন। বোঝা যেত, কে কতটা ভালো। তবে টেনিসের সেই সময় আর এই সময়ের তুলনা করতে গিয়ে নিজের সময়টাকেই বেছে নিলেন রোজওয়াল, ‘আসলে অ্যামেচার যুগে খেলোয়াড়দের মধ্যে আন্তরিকতা, পরস্পরের প্রতি আস্থা অনেক বেশি ছিল। আমি, রড লেভার, ফ্রেড স্টোল, প্রয়াত লিউ হড—আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তার চেয়েও বেশি ছিল বন্ধুত্ব। আমরা একসঙ্গেই সফর করতাম, একই সঙ্গে খেতাম, ঘুরতাম। লোকজন আমাদের জিজ্ঞেস করত, এত সময় একসঙ্গে থাকার পর তোমরা আবার নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে করো? কিন্তু আমরা ও রকমই ছিলাম। এত বছর পেরিয়ে গেছে, আমরা এখনো বন্ধুই আছি।’ রয়টার্স।