ফেদেরারের অলিম্পিক-স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে নতুন বছরে পা ফেলেছেন রজার ফেদেরার। জয়ের এই ধারা নতুন বছরেও যত দিন সম্ভব ধরে রাখতে চান সুইস তারকা। জিততে চান লন্ডন অলিম্পিক টেনিসের সোনাও।অলিম্পিকের বছর এলেই একটা হতাশা কাজ করে ফেদেরারের মধ্যে। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক হয়েও এখনো অলিম্পিক টেনিসের সোনা জেতা হয়নি তাঁর। এই আক্ষেপটা এবার তিনি মুছে ফেলতে চান জুলাই-আগস্টে অনুষ্ঠেয় লন্ডন অলিম্পিকে। বিদায়ী বছরের শেষ দিকের পারফরম্যান্সই এ ক্ষেত্রে স্বপ্ন দেখাচ্ছে সাবেক এক নম্বরকে। ‘গত বছরের শেষটা দারুণভাবে শেষ করতে পারায় আমি গর্বিত। তাকিয়ে আছি নতুন মৌসুমের দিকে’—বলছেন গত বছর টানা তিনটি এটিপি টুর্নামেন্ট জেতা ফেদেরার।আজ থেকে শুরু হতে যাওয়া কাতার ওপেন দিয়েই নতুন বছর শুরু করতে যাচ্ছেন ফেদেরার। নতুন বছরে পথ চলতে চান সাবধানে। ঠাসা সূচির কারণে নিঃশেষিত হওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন ফেদেরার। এ কারণেই তিনি আগামী মাসে অনুষ্ঠেয় দুবাই ওপেনে খেলবেন না। এএফপি ও ওয়েবসাইট।