ফেদেরারের আরেক কীর্তি
চোট আগেই কেড়ে নিয়েছে ছোট বোনকে। এবার সেই চোটেই বিদায় বড়জনেরও। অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ডের গণ্ডি পেরোতে না পেরোতেই হারিয়ে ফেলল আরেক তারকা। কাল মাত্র কয়েক মিনিট কোর্টে খেলে স্বেচ্ছা অবসর নিলেন ভেনাস উইলিয়ামস। আন্দ্রিয়া পেতকোভিচ তখন মাত্র প্রথম সেটে ১-০-তে এগিয়ে।অস্ট্রেলিয়ান ওপেনে কাল বিদায় নিয়েছেন আরেক এক নম্বর—জাস্টিন হেনিন। সভেৎলানা কুজনেতসোভার বিপক্ষে তাঁর পরাজয় অবশ্য লড়াই করেই। প্রথম সেটটা ৬-৪-এ হারার পর দ্বিতীয় সেটটা টাইব্রেকে হেরেছেন ১০-৮-এ!এ ছাড়া আর কোনো দুঃসংবাদ নেই। পুরুষদের কোর্টে রজার ফেদেরার, অ্যান্ডি রডিক, নোভাক জোকোভিচরা চলে গেছেন চতুর্থ রাউন্ডে। মেয়েদের কোর্টে ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভাও উঠে গেছেন শেষ ষোলোতে।গত বছর অবসর থেকে ফিরে আসা হেনিনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় অবশ্যই দুঃসংবাদ। তবে তার চেয়েও বেশি মন খারাপ করে দেওয়ার মতো খবর ভেনাসের চোট। মেয়েদের এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা পায়ের চোট পুরো সেরে না ওঠায় এবার আসতেই পারেননি। উইলিয়ামস পরিবারের পতাকা ছিল ভেনাসের কাঁধে। দুই বোন বরাবরই ভালো ফিটনেসের কারণে আলোচিত ছিলেন। ভেনাসের জন্য এটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে গত ২৫১টি ম্যাচের পর প্রথম স্বেচ্ছা অবসর। ভেনাসের প্রতিক্রিয়ায় তাই মিশে রইল বেদনা, ‘এটা আমার জন্য বিরাট হতাশার। মাত্রই আমি অস্ট্রেলিয়ান ওপেনে নিজের খেলাটা খুঁজে পাচ্ছিলাম। গ্র্যান্ড স্লামে আগে কখনোই অবসর নিতে হয়নি। তবে মানসিকভাবে আমি শান্তই থাকছি।’খেলা থেকে এই অবসর এমন প্রশ্নও তুলল, ৩০ বছর বয়সীকে আর কত দিন দেখা যাবে কোর্টে। প্রশ্নটাকে পাত্তাই দেননি এই মার্কিন তারকা।ভেনাস-হেনিনের বিষাদের দিনটা ফেদেরারকে দিয়েছে রেকর্ড ভাঙার আনন্দ। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তাঁর ৫৭তম জয়। ফেদেরার ভেঙে দিলেন স্টেফান এডবার্গের রেকর্ড। রেকর্ড নিজের করে নিতে পারার আনন্দ তো আছেই। তবে ফেদেরার জানালেন, ‘রেকর্ডটা নিজের করে নিয়েছি, কিন্তু এডবার্গ এখনো আমার আদর্শ।’ এএফপি, রয়টার্স।