ফেদেরারের আরেকটি প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সইশিকারিদের আবদার মেটাচ্ছেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জয়ের পর l এএফপি
সইশিকারিদের আবদার মেটাচ্ছেন রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে কাল গ্রিগর দিমিত্রভের বিপক্ষে জয়ের পর l এএফপি

তাঁর সর্বশেষ গ্র্যান্ড স্লাম জয় ২০১২ সালে, উইম্বলডনে। মাঝখানে পেরিয়ে গেছে শিরোপাশূন্য প্রায় সাড়ে তিন বছর। তবে ৩৪ বছর বয়সেও তাঁর খেলা চালিয়ে যাওয়া নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেনি। প্রশ্ন উঠবেই বা কেন? সর্বশেষ দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলে দেখিয়ে দিয়েছেন, আগে কী করেছেন এবং এই বয়সেও কী করার ক্ষমতা রাখেন!
রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। খেলেছেন সবচেয়ে বেশি ২৭টি ফাইনাল। ৩৮টি সেমিফাইনাল এবং ৪৬টি কোয়ার্টার ফাইনাল খেলেছেন—এসবও এটিপি সার্কিটের রেকর্ড। কাল অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জয় পেয়ে আরও একটা জায়গায় প্রথম হয়ে গেলেন সুইস মাস্টার। তৃতীয় রাউন্ডে ‘বেবি ফেদেরার’ বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে গ্র্যান্ড স্লামের ৩০০তম জয়টি তুলে নিলেন ফেদেরার। গ্র্যান্ড স্লামের পুরুষ বিভাগে ৩০০ ক্লাবের প্রথম সদস্য তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিমি কনর্সের চেয়ে ফেদেরার ৬৭ ম্যাচ বেশি জিতেছেন! আর বর্তমান এক নম্বর নোভাক জোকোভিচের চেয়ে জিতেছেন ৯০টি বেশি।
‘আমাকে বলতেই হচ্ছে, এটা রোমাঞ্চকর। এটা আমার কখনো লক্ষ্য ছিল না বা এটির অপেক্ষায়ও থাকিনি। কিন্তু এটা যখন হয়ে যায় তা বিশেষ কিছু হয়ে ওঠে’—মাইলফলক ছোঁয়া জয়ের পর বলেছেন ফেদেরার। আরও সাতটি ম্যাচ জয় হতে পারে তাঁর আপাতলক্ষ্য। সেটি হলেই যে মার্টিনা নাভ্রাতিলোভাকে (৩০৬) ছাড়িয়ে গ্র্যান্ড স্লামে গ্রহের সর্বোচ্চ ম্যাচজয়ী খেলোয়াড় হয়ে যাবেন!
ফেদেরারের দিনে একটা মাইলফলক ছুঁয়েছেন মারিয়া শারাপোভাও। ডব্লুটিএ সার্কিটের ৬০০তম ম্যাচ জিতেছেন রুশ তারকা। বর্তমান নারী খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন শুধু ভেনাস ও সেরেনা উইলিয়ামস। সেরেনা কাল তৃতীয় রাউন্ডে ৪০ মিনিটেই ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার দারিয়া কাসাথিনাকে। আগ্নিয়েস্কা রাদভানস্কা, কার্লা সুয়ারেজ, বেলিন্ডা বেনচিচদের জয়ের দিনে জার্মানির অবাছাই প্রতিযোগী আনা-লেনা ফ্রিডসামের কাছে হেরে গেছেন রবার্তা ভিঞ্চি। ইতালিয়ান এই প্রতিযোগীর কাছে সেমিফাইনালে হেরেই গত ইউএস ওপেনে স্টেফি গ্রাফের রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপা ছোঁয়ার এবং ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন ভেস্তে গিয়েছিল সেরেনার।

পুরুষ বিভাগে নোভাক জোকোভিচ, কেই নিশিকোরি, টমাস বার্ডিচরা জিতেছেন। স্পেনের রবার্তো বুতিস্তার কাছে হেরে গেছেন দ্বাদশ বাছাই মারিন চিলিচ। এএফপি, টেনিসডটকম।

গ্র্যান্ড স্লামে সবচেয়ে

বেশি ম্যাচ জয়

৩০০       রজার ফেদেরার

২৩৩        জিমি কনর্স

২২৪        আন্দ্রে আগাসি

২২২        ইভান লেন্ডল

২১০        নোভাক জোকোভিচ

ফেদেরার ১-৩০০

জয়      প্রতিপক্ষ          সাল     টুর্নামেন্ট             স্কোর

১ম      মাইকেল চ্যাং      ২০০০  অস্ট্রেলিয়ান ওপেন   ৬–৪, ৬–৪, ৭–৬

১০০  টিম হেনম্যান        ২০০৬  উইম্বলডন            ৬–৪, ৬–০, ৬–২

২০০  আলেজান্দ্রো ফায়া  ২০১০   উইম্বলডন            ৫–৭, ৪–৬, ৬–৪, ৭–৬, ৬–০

৩০০  গ্রিগর দিমিত্রভ      ২০১৬   অস্ট্রেলিয়ান ওপেন   ৬–৪, ৩–৬, ৬–১, ৬–৪