ফেদেরারের কষ্টের জয়
বিশ্বের ৭৫ নম্বর খেলোয়াড় জারকো নাইমিনেন। সেই ২০০২ সাল থেকে খেলছেন রজার ফেদেরারের বিপক্ষে। মোট ১১টি ম্যাচ খেলে হেরেছিলেন সবগুলোতেই। জিততে পারেননি একটি সেটও। সেই নাইমিনেনই পরশু ঘাম ছুটিয়েছেন রজার ফেদেরারের। জিতেছেন একটি সেটও। তাঁকে হারাতে ১০টি ‘এইস’ করতে হয়েছে ফেদেরারকে। পরশু সুইজারল্যান্ডের বাসেলে সুইস ইনডোর টুর্নামেন্টে ৬-১, ৪-৬, ৬-৩ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের চার নম্বর খেলোয়াড় ফেদেরার।১৬টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার ছয় সপ্তাহ দূরে ছিলেন প্রতিযোগিতামূলক টেনিস থেকে। তাঁর খেলাতেও স্পষ্ট ছিল ম্যাচ না খেলার প্রভাব। দুই সপ্তাহ আগে স্টকহোমে ফাইনাল খেলা ৩০ বছরের নাইমিনেন এই সুযোগে জিতে নিয়েছিলেন দ্বিতীয় সেটটি। এরপর ম্যাচে ফিরতে নিজের পুরোটাই নিংড়ে দিতে হয়েছে ফেদেরারকে।এ বছরের জানুয়ারির পর আর কোনো শিরোপা জিততে পারেননি ফেদেরার। তবে ঘরের মাঠের এই টুর্নামেন্টে জিতে সেই খরা ঘোচাতে চান। এ জন্য অবশ্য তাকে বেশ বড় বাধা অতিক্রম করতে হবে। বাধার নাম নোভাক জোকোভিচ, বিশ্বের এক নম্বর টেনিস তারকা। নিতম্বের মাংসপেশিতে টান পড়ায় দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় এখন এই দুজনই আছেন শিরোপার দৌড়ে। এএফপি।