ফেদেরারের গাভি

নয় বছর পর ফিরেছে বিশ্বজয়ী ঘরের ছেলে। খালি হাতে কি আর বরণ করা যায়? ২০০৪ সালের পর স্টাডের সুইস ওপেনে ফিরেই তাই রজার ফেদেরার উপহার পেলেন জলজ্যান্ত এক গাভি। গাভিটার নামটাও দারুণ—‘ডিজিরি’। সুইজারল্যান্ডের এই টুর্নামেন্ট থেকে আগেও উপহার পেয়েছেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক। ২০০৩ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম (উইম্বলডন) জিতে দেশে ফিরেই পেয়েছিলেন ‘জুলিয়েট’ নামের একটি গাভি। সময়টা মোটেও ভালো যাচ্ছে না এখন ফেদেরারের। ক্যারিয়ারের প্রথমবারের মতো উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়। সেটাও আবার র্যাঙ্কিংয়ে এক শর বাইরে থাকা এক খেলোয়াড়ের কাছে হেরে। ওই ক্ষত না শুকাতেই হামবুর্গে ধরাশায়ী এক শর বাইরে থাকা আরেক খেলোয়াড় দেলবোনিসের কাছে। হারিয়ে যাওয়া সময়কে ফিরে পেতেই কিনা ফেদেরার ফিরে এলেন উৎসে। ১৯৯৮ সালে এই স্টাডেই শুরু হয়েছিল তাঁর পেশাদার ক্যারিয়ার। ওয়েবসাইট।