ফেদেরারের চোখে ফেবারিট জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেন শিরোপা জয়ের লড়াইয়ে নিজেকে ফেবারিট হিসেবে দেখছেন না রজার ফেদেরার। সুইরাজল্যান্ডের এই টেনিস তারকার চোখে ফেবারিট হলেন নোভাক জোকোভিচ।‘আমার কাছে মনে হয়, নোভাক ফেবারিট। কারণ, ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত কয়েক বছরে হার্ড কোর্টে নোভাকই সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। এটি ওকে স্বস্তিতে রাখতে পারে।’ বলেছেন ফেদেরার।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জোকোভিচের সঙ্গে নিজের তুলনাও করেছেন ফেদেরার, ‘ও গত কয়েক বছরে অনেকবার আমাকে হারিয়েছে। ওকে মাত্র কয়েকবার হারিয়ে যদি নিজেকে ফেবারিট ভাবি, সেটা বোকামি হবে।’১৭টি গ্র্যান্ড স্ল্যাম-জয়ী ফেদেরার নিজেকে ফেবারিট না ভাবলেও বাস্তবতা হলো, তিনিই এখন পুরুষদের টেনিসে এক নম্বর খেলোয়াড়। তাঁকে ফেবারিট না মেনে উপায় নেই। তবে ফেদেরারের ব্যাখ্যা ভিন্ন, ‘এক নম্বর হতে পেরে আমি খুশি। এর মানে এই নয় যে আমিই ইউএস ওপেন জিতব। সত্যি বলতে, চেষ্টা থাকবে শিরোপা জেতার, শিরোপার কাছাকাছি যাওয়ার।’এবারের ইউএস ওপেনে নেই রাফায়েল নাদাল। হাঁটুর চোটের কারণে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই স্প্যানিশ তারকা। পাদপ্রদীপের সব আলো তাই এক নম্বর খেলোয়াড় ফেদেরার, দুই সপ্তাহ আগে টরন্টো মাস্টার্স-জয়ী জোকোভিচ এবং লন্ডন অলিম্পিকে সোনাজয়ী অ্যান্ডি মারের ওপর। তিনজনই উতরে গেছেন প্রথম রাউন্ডের বাধা। শেষ হাসি কে হাসেন, সেটাই এখন দেখার অপেক্ষা।