ফেদেরারের জন্য নাদালের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরারের বিদায়ে তাঁরই সবচেয়ে খুশি হওয়ার কথা। ফেদেরারই তো তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, শিরোপা জয়ের পথে বড় কাঁটা। কিন্তু না, রাফায়েল নাদাল কোর্টে ফেদেরারের যতটা প্রতিদ্বন্দ্বী, কোর্টের বাইরে ততটাই বন্ধু। এ কারণেই ফেদেরারের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় নাদাল জানালেন, তিনি কষ্টই পেয়েছেন।‘ওর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। চার সপ্তাহ আগেও রোলাঁ গাঁরোতে ও দুর্দান্ত খেলছিল। এখানেও ওকে সত্যি দুর্দান্ত খেলতে দেখেছি। আজও (পরশু) ও কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে ২-০ সেটে এগিয়ে ছিল। কিন্তু সোঙ্গার মতো কারও বিপক্ষে খেলা আসলেই কঠিন। কারণ ওর সার্ভ দুর্দান্ত। আপনি ২-০ সেটে এগিয়ে থেকেও চাপেই থাকবেন’—বলেছেন নাদাল।ফেদেরারের বিদায়ের দিনে নাদাল অবশ্য ঠিকই জিতেছেন মার্ডি ফিশের বিপক্ষে। জিতেছেন অ্যান্ডি মারেও। আজ সেমিফাইনালে মুখোমুখি হবেন এই দুজন। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবেন সোঙ্গা ও নোভাক জোকোভিচ। সোঙ্গা-জোকোভিচ খেলেছিলেন ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। এর পরই এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল পর্যন্ত উঠে এলেন ফরাসি সোঙ্গা। নাদাল-মারের জন্যও এটা ‘রিম্যাচ’। গতবারও উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুজন। ওই ম্যাচে মারেকে ৬-৪, ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে হারিয়েছিলেন নাদাল। সব মিলে মুখোমুখি ১৫ ম্যাচের ১১টিতেই জিতেছেন এই স্প্যানিয়ার্ড। ফলে আজকের ম্যাচে ফেবারিট অবশ্যই তিনি। যদিও নাদালের এখন সবচেয়ে বড় বাধা যতটা না মারে তার চেয়েও বেশি পায়ের পাতার ব্যথা। তবে উইম্বলডনে তৃতীয় আর সব মিলে ক্যারিয়ারের একাদশ গ্র্যান্ড স্লাম শিরোপার সুবাস ব্যথাটা ভুলিয়ে দিচ্ছে নাদালকে।‘আমার পায়ের পাতার অবস্থা ভালো নয়। কিন্তু এটা ছিল কোয়ার্টার ফাইনাল। আমাকে খেলতেই হতো। আগামী এক-দেড় মাসের মধ্যে এটাই শেষ টুর্নামেন্ট। আমাকে তাই সেরা চেষ্টাটা করতেই হবে। উইম্বলডনে খেলাটা আমার জন্য তো একটা স্বপ্ন’—পরশু জেতার পর বলেছেন এক নম্বর বাছাই।এবার উইম্বলডনে জিততে পারলে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডজয়ীদের তালিকায় চারে উঠে যাবেন নাদাল। ফেদেরারের সঙ্গে দূরত্বটাও কমে যাবে পাঁচটি গ্র্যান্ড স্লাম শিরোপার। অনেকেই বলছেন, আগামী আগস্টে ৩০ পূর্ণ করতে চলা ফেদেরারের পক্ষে আর খুব বেশি গ্র্যান্ড স্লাম জেতা হবে না। সর্বশেষ টানা ছয়টি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই খালি হাতে ফেরা হয়তো সেই ইঙ্গিত। তবে ফেদেরার কিন্তু আত্মবিশ্বাসী, ঘুরে তিনি দাঁড়াবেনই। এএফপি, রয়টার্স।