মোক্ষম সময়েই জাদু দেখালেন রজার ফেদেরার। একটি মাত্র অবিশ্বাস্য লব, আর তাতেই ঘুরে গেল ম্যাচের গতিপথ। ওই লবটির আগে ফেদেরারের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন ‘দৈত্য’ ইভো কার্লোভিচ। প্রথম সেটের টাইব্রেকে ৬-৫-এ এগিয়ে এই ক্রোয়েশিয়ান। নেটের খুব কাছে ড্রপ শট খেলে সেট পয়েন্টটা প্রায় পেয়েও গিয়েছিলেন। অনেকখানি দৌড়ে এসে ফেদেরার শুধু সেট পয়েন্টটাই বাঁচালেন না, ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার কার্লোভিচকে হতভম্ব করে মাথার ওপর দিয়ে পেছনে ফেললেন বল। ওই পয়েন্ট পাওয়ার পর সরাসরি ৭-৬ (৮/৬), ৭-৫, ৬-৩ গেমে জিতে চতুর্থ রাউন্ডে সুইস তারকা।অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের প্রথম দিনটি কেটেছে কোনো অঘটন ছাড়াই। শেষ চারে ফেদেরারের মুখোমুখি হওয়ার আরও কাছে এগিয়েছেন দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল। কাল নাদাল ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন বাছাইপর্ব পেরিয়া আসা লুকাস ল্যাকোকে। ফেদেরার ও নাদাল দুজনই কোনো সেট না হেরেই উঠেছেন চতুর্থ রাউন্ডে।শেষ ষোলোতে নাদাল খেলবেন স্বদেশি ফেলিসিয়ানো লোপেজের সঙ্গে। পুরুষ এককে যুক্তরাষ্ট্রের শেষ ভরসা ‘ম্যারাথন ম্যান’ জন ইসনারকে পাঁচ সেটের এক ম্যারাথন ম্যাচেই হারিয়েছেন লোপেজ। ফেদেরার খেলবেন তিন ঘণ্টা ৪৯ মিনিটের আকর্ষণীয় লড়াইয়ে জিতে আসা অস্ট্রেলিয়ান তরুণ বারনার্ড টমিচের বিপক্ষে। মহিলা এককের ফাইনালে গতবার লড়েছিলেন কিম ক্লাইস্টার্স ও লি না। সেখানে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটা এবার একটু তাড়াতাড়িই পেয়ে গেছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী লি না। কাল তৃতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি এই দুজন। রয়টার্স।