ফেদেরারের দিনে পোত্রোর পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ দিনে এসে সত্যিকারের অঘটন দেখল অস্ট্রেলিয়ান ওপেন। ষষ্ঠ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রো হেরে গেছেন অবাছাই ফ্রান্সের জেরেমি শার্দির কাছে। সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়নের পরাজয়ের দিনে জয়ের পাল উড়িয়েছেন অন্য ফেবারিটরা। চতুর্থ রাউন্ডে উঠে গেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামস। কাল দেল পোত্রোর অপ্রত্যাশিত পরাজয়ে আর্জেন্টাইন সমর্থকেরা হতাশ। শার্দির বিপক্ষে ম্যাচ শেষের পরও কয়েকজন আর্জেন্টাইন সমর্থককে গুটিসুটি মেরে বসে থাকতে দেখা গেল গ্যালারিতে। তবে ‘প্রত্যাশিত’ এক পরাজয়েও হতাশ অস্ট্রেলীয় সমর্থকেরা। লেটন হিউয়িট, সামান্থা স্টোসুরের পর টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি ছিলেন বার্নার্ড টমিক। রজার ফেদেরার তাঁকে বিদায় করে দেওয়ায় অস্ট্রেলিয়া এখন টুর্নামেন্টের নিখাদ দর্শক! ফেদেরারের কাছে গত বছর চতুর্থ রাউন্ডে বিদায় নিয়েছিলেন টমিক। তবে সে ম্যাচটি ছিল একপেশে। এবার অবশ্য সাধ্যমতো লড়েছেন। কিন্তু ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরারের অভিজ্ঞতার কাছে পেরে উঠতে পারেননি কুড়ি বছর বয়সী টমিক। এক ঘণ্টা ৫৮ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন ৬-৪, ৭-৬ (৭/৫), ৬-১ গেমে। তবে ম্যাচ শেষে পেয়েছেন বিজয়ী ফেদেরারের প্রশংসা, ‘আমার মনে হয়ে, লড়াইটা ভালোই হয়েছে আমাদের। আমার সেরাটা সে বের করে এনেছে।’ ফেদেরারকে কখনোই পরাজয়ের শঙ্কায় ফেলতে পারেননি টমিক, কিন্তু ২০০৯ ইউএস চ্যাম্পিয়ন দেল পেত্রোর কাল শুরুই হয়েছিল শঙ্কা দিয়ে। প্রথম দুই সেট হেরে পিছিয়ে পড়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই করে ঘুরে দাঁড়ান তৃতীয় সেটে। পরের সেটটিও জিতে লড়াই জিইয়ে রাখলেও শেষ পর্যন্ত হেরেছেন ৬-৩, ৬-৩, ৬-৭ (৩/৭), ৩-৬, ৬-৩ গেমে। ব্রিটিশদের ৭৬ বছরের হাহাকার ঘুচিয়ে গত ইউএস ওপেনে গ্র্যান্ড স্লামের স্বাদ পাওয়া অ্যান্ডি মারে তৃতীয় রাউন্ডে হারিয়েছেন তাঁর লিথুনিয়ান অনুশীলনসঙ্গী রিকার্ডাস বেরাঙ্কিসকে। এদিন পুরুষ বিভাগে আরও জিতেছেন রিচার্ড গ্যাসকুয়েট, জো-উইলফ্রায়েড সোঙ্গা, আন্দ্রেয়াস সেপ্পি।মহিলা বিভাগে জয়ের ধারায় এগিয়ে যাচ্ছেন ফেবারিট ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সেরেনা উইলিয়ামস। তবে দুজনের কেউই কাল খুব স্বচ্ছন্দে জেতেননি। জাপানের আয়ুমি মোরিতার বিপক্ষে দ্বিতীয় সেটে ০-৩-তে পিছিয়ে পড়েছিলেন তৃতীয় বাছাই সেরেনা, শেষ পর্যন্ত জিতেছেন ৬-১, ৬-৩ গেমে। আর শীর্ষ বাছাই আজারেঙ্কা তো যুক্তরাষ্ট্রের জেমি হাম্পটনের কাছে দ্বিতীয় সেটে হেরেই গিয়েছিলেন (৬-৪, ৪-৬, ৬-২)। প্রতিপক্ষের অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার একপর্যায়ে নিজের হতাশা লুকিয়ে রাখতে না পেরে আজারেঙ্কা হাতের র‌্যাকেট দিয়ে আঘাত করেছিলেন মাটিতে। স্বপ্নযাত্রা থেমে গেছে কিমিকো দাতে-ক্রুমের। জাপানের ৪২ বছর বয়সী খেলোয়াড়কে কাল তৃতীয় রাউন্ডে বিদায় করে দিয়েছেন সার্বিয়ার মেয়ে বোয়ানা ইয়োভানোভস্কি। এএফপি, রয়টার্স।