ফেদেরারের পর নাদালও...
রজার ফেদেরার, নোভাক জোকোভিচ... এরপর রাফায়েল নাদালও। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টে নক্ষত্র পতন চলছেই। পরশু ক্রোয়েশিয়ার ইভান লুবিচিচের শিকার হলেন স্পেনের নাদাল। র্যাঙ্কিংয়ের ছাব্বিশে থাকা লুবিচিচ ৩-৬, ৬-৪, ৭-৬ (৭/১) গেমে নাদালকে হারিয়ে উঠে গেলেন ফাইনালে। শিরোপা লড়াইটা অ্যান্ডি রডিকের সঙ্গে।এই জয়কে যেমন ক্যারিয়ারের সেরা বলছেন লুবিচিচ, তেমনি এটাকে একটা দুর্ঘটনা বলেই চালিয়ে নিতে চাইছেন বিশ্বের দুই নম্বর তারকা নাদাল, ‘আজকের (পরশু) হারটাকে একটা দুর্ঘটনা বলব।’ যদিও পরাজয় থেকেও ইতিবাচক কিছু খুঁজে পেয়েছেন ৬টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘এটা একটা গুরুত্বপূর্ণ দুর্ঘটনা। এবং আমাকে আগামীতে আরও বেশি আক্রমণাত্মক খেলতে শিখতে হবে। সুযোগটাকে কাজে লাগাতে শিখতে হবে।’ মাত্রই একদিন আগে ৩১তম জন্মদিন পালন করা লুবিচিচ জয়ের পর যেন আত্মহারা, ‘এটা অসাধারণ এক ম্যাচ। সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা ম্যাচও ছিল এটি।’ দুজনের সাতবারের সাক্ষাতে দ্বিতীয়বার হারলেন নাদাল। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে হাঁটুর ইনজুরিতে পড়ে বিদায় নেওয়ার পর এই প্রথম কোনো এটিপি টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন স্প্যানিয়ার্ড তারকা। এএফপি।