ফেদেরারের পাশে জোকোভিচ-মারে

২০০২। ২০১৩ সালে এসে বারবার এই ২০০২ সালটাই ফিরে আসছে রজার ফেদেরারের জীবনে। ওই বছরের পর এবারই যে প্রথম র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচের বাইরে নেমে গেছেন সুইস মহাতারকা। ঝলমলে ক্যারিয়ারে ভাটার টান ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় করে দিল ফেদেরারকে। আর তাতেই নিশ্চিত হলো আবারও ২০০২ সালের কাছে ফেরার। ১১ বছর পর এবারই যে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা হলো না ফেদেরারের।
দুর্দশায় প্রবল প্রতিদ্বন্দ্বী। ঝরে পড়ছেন চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা থেকে। নাদাল, জোকোভিচ, মারেদের খুশি হওয়ারই কথা। কিন্তু হলো উল্টোটা। অনেকেই যখন মানে মানে সরে পড়তে বলছেন, তখনই ফেদেরার পাশে পেলেন জোকোভিচ ও মারেকে। ফেদেরারের পক্ষে দাঁড়িয়ে জোকোভিচ তো সমালোচকদের বললেন চুপ থাকতে।
উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে বিদায়, এরপর ইউএস ওপেনের এই ব্যর্থতা। ফেদেরারকে নিয়ে সমালোচনার ঝাঁপি খুলেছেন অনেকেই। তবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ মনে করছেন ভালোই খেলছেন ফেদেরার, ‘আমি মনে করি সে এখনো খুব ভালো খেলছে। বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন হিসেবে সে অবশ্যই থাকতে পারে, এ নিয়ে কোনোই সন্দেহ নেই।’
সমালোচকদের চুপ থাকতে বলে জোকোভিচ বলেছেন ফেদেরার তেমনটাই খেলছেন যেমনটা এই সময়ে খেলার কথা, ‘রজার তার সেরা খেলাটার কাছাকাছিও খেলতে পারেনি, তাই সব সময়ই প্রশ্নটা উঠছে সে কেন ভালো খেলছে না। লোকজনের উচিত তাকে একটু রেহাই দেওয়া, কারণ আমি মনে করি সে যখন এক নম্বর ছিল সেই সময়ের মতো এখন ক্ষিপ্র হবে না সেটা আশা করাই তো স্বাভাবিক।’
তবে ফেদেরারকে ভবিষ্যৎ নিয়ে কোনো উপদেশ দিতে রাজি নন এই সার্বিয়ান, ‘সে আর কত দিন খেলবে? এই প্রশ্নটা তাঁর জন্যই তোলা থাক। তাঁর বয়স কত, ৩১, ৩২? টমি হাস তো ৩৫ বছর বয়সেও খেলে যাচ্ছে এবং শীর্ষ দশের আশপাশেই আছে।’
তবে ফেদেরারকে নিয়ে কেন এই আলোচনা সেটির একটা ব্যাখ্যাও আছে জোকোভিচের কাছে, ‘লোকজন রজারকে সব সময় শীর্ষ দুই-তিনেই দেখে এসেছে, দেখেছে গ্র্যান্ড স্লামের শিরোপার জন্য লড়তে। সেটা এখন হচ্ছে না বলেই সবাই বিস্মিত হচ্ছে।’ এএফপি।
অন্যদিকে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় মারে মনে করছেন টানা কয়েকটা জয় পেলেই ফেদেরার ফিরে পাবেন নিজেকে, ‘নিজের সেরাটা খেলতে পারছেন না, অনেক খেলোয়াড়কেই এই সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। আর সম্ভবত উইম্বলডন থেকেই রজার সেই সময়টার কবলে পড়েছেন। জেতা উচিত এমন কয়েকটা ম্যাচ হেরে গেলে আত্মবিশ্বাসটা কমে যায়। এই খেলায় যেটা বড় এক ব্যাপার।’