ফেদেরারের ফেবারিট জোকোভিচ
নিউইয়র্কের আকাশটা কেমন যেন থম মেরে ছিল। ইউএস ওপেনের পয়লা দিন ছিল ঝোড়ো হাওয়া আর মেঘের ঘনঘটায় বিষণ্ন। তবে প্রথম দিনটি বিষণ্ন যায়নি রজার ফেদেরার, অ্যান্ডি মারেদের। রেকর্ড ষষ্ঠ শিরোপাকেই নিশ্চিতভাবে মানছেন অভীষ্ট লক্ষ্য, সেটার দিকে প্রথম পদক্ষেপটা ভালোই ফেললেন ফেডেক্স। ৮১তম বাছাই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংয়ের বিপক্ষে পেয়েছেন ৬-২, ৬-৩, ৬-৪ গেমের অনায়াস জয়। র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বর। শুরুটাও এমন দুর্দান্ত। ফেদেরারই তো এই টুর্নামেন্টের ফেবারিট। কিন্তু তিনি নিজেই যে তা মানছেন না। ফেবারিটের তকমাটা লাগিয়ে দিচ্ছেন জোকোভিচের গায়ে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন পরিষ্কার ব্যবধানেই, ইউএস ওপেনের আগে গা গরমের সিনসিনাটি টুর্নামেন্টেও হারিয়েছেন জোকোভিচকে। কিন্তু গত দুবারই ফ্লাশিং মিডোতে জোকোভিচের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। তবে কি ঘরপোড়া ফেদেরার সিঁদুরে মেঘ দেখেই ভয় পাচ্ছেন? নাকি তা নিজের ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার কৌশল! ফেদেরার অবশ্য কথাটা বলেছেন যুক্তি দিয়েই, ‘আমার কাছে নোভাকই ফেবারিট, কারণ সে-ই বর্তমান চ্যাম্পিয়ন। হার্ডকোর্টে গত কয়েক বছরে ও-ই সবচেয়ে বেশি শিরোপা জিতেছে। এখানেই সে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সে আমাকে এখানেও (ইউএস ওপেনে) গত দুবার হারিয়েছে। তার পরও আমাকে ফেবারিট বলাটা একটু অদ্ভুতই।’ফেদেরারের মতোই সরাসরি সেটেই জিতেছেন অলিম্পিক সোনাজয়ী অ্যান্ডি মারেও। তবে তৃতীয় সেটের পঞ্চম গেমে শঙ্কার একটা কালো মেঘ কিন্তু ঘিরে ধরেছিল মারেকে। ডান পায়ের পেশিতে টান লেগেছিল, যদিও শেষমেশ সেটা খুব একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি, দুই ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচে রাশিয়ার অ্যালেক্স বোগোমোলোভকে হারিয়েছেন ৬-২, ৬-৪, ৬-১ গেমে। ম্যাচ শেষে স্বীকার করলেন যে শেষ দিকে খানিকটা সংগ্রাম করতে হচ্ছিল তাঁকে, ‘হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিল। ম্যাচের শুরুর দিকে অনেকগুলো র্যালি হয়েছে তো...পরের ম্যাচ থেকে যাতে পানিশূন্যতায় না ভুগি, সেদিকে খেয়াল রাখতে হবে।’মেয়েদের টেনিসেও একটি অঘটনবিহীন প্রথম দিন কেটেছে। শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও তৃতীয় বাছাই মারিয়া শারাপোভারা তুলে নিয়েছেন সহজ জয়। জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরও। বিদায়ী টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখার মিশনে দারুণ শুরু করেছেন কিম ক্লাইস্টার্সও। বয়স মোটে ২৯, এর চেয়ে বেশি বয়সে উইলিয়ামস বোনেরাই দাপিয়ে বেড়াচ্ছেন কোর্ট। তবে মাতৃত্ব আর ক্যারিয়ারের টানাপোড়েনে দ্বিতীয়টাকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই তাঁর শেষ গ্র্যান্ড স্লাম। মজার ব্যাপার হলো, সেই ২০০৩ সালের পর থেকেই ইউএস ওপেনে অপরাজিত তিনি! এখানে জিতেছেন তিনবার, অনেকবার তো চোট আর মাতৃত্বজনিত কারণে ছিলেন অনুপস্থিত। শেষটায় নিশ্চয় মনে রাখার মতো কিছু করতে চাইবেন এই বেলজিয়ান মা! এএফপি, রয়টার্স।