ফেদেরারের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য! হ্যাঁ, কাল অবিশ্বাস্য এক ভুতুড়ে দিনই কাটাল উইম্বলডন। যার শেষটা হলো রজার ফেদেরারের বিদায়ে। সাতবারের চ্যাম্পিয়ন ফেদেরার দ্বিতীয় রাউন্ডেই হেরে গেছেন ইউক্রেনের অখ্যাত সার্গিই স্তানখোভস্কির কাছে। বিশ্বের ১১৬ নম্বর খেলোয়াড় স্তানখোভস্কি জিতেছেন ৬-৭ (৫/৭), ৭-৬ (৭/৫), ৭-৫, ৭-৬ (৭/৫) গেমে।

এর আগে চোটে পড়ে একের পর এক খেলোয়াড় বিদায় নিয়েছেন। ভিক্টোরিয়া আজারেঙ্কা, জো-উইলফ্রায়েড সোঙ্গা, নাদালহন্তা স্টিভ ডারসিসসহ কাল এক দিনেই সরে দাঁড়িয়েছেন সাতজন খেলোয়াড়। প্রশ্ন উঠে গেছে কোর্টের নিরাপত্তা নিয়েই। সরে দাঁড়াতে বাধ্য হওয়া খেলোয়াড়েরা চোটের কারণ হিসেবে দায়ী করছেন মাঠকেই।

ভুতুরে এই দিনে কাটা পড়েছেন মারিয়া শারাপোভাসহ সাবেক বেশ কয়েকজন এক নম্বরও। তিনবার পা পিছলে পড়া তৃতীয় বাছাই শারাপোভা দ্বিতীয় রাউন্ডে হেরে গেছে পর্তুগালের অখ্যাত মিশেল লারশার দি ব্রিতোর কাছে ৬-৩, ৬-৪ গেমে। এছাড়াও বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ, ইয়েলেনা ইয়াঙ্কোভিচ ও লেটন হিউয়িট।

বিশ্বের দুই নম্বর নারী খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা কাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শুরুর মুহূর্ত কয়েক আগে নিজেকে সরিয়ে নেন। প্রথম রাউন্ডের পড়ে গিয়ে ডান হাঁটুতে আঘাত পেয়েছিলেন এই বেলারুশিয়ান। আজারেঙ্কার কাছে কোর্টই খলনায়ক, ‘ওই দিন কোর্টটা খুব ভালো অবস্থায় ছিল না। আমার প্রতিপক্ষ দুবার পড়ে গিয়েছিল, আমিও খুব বাজেভাবে পড়েছি; এরপর আরও কয়েকজন পড়েছে।’

আজারেঙ্কা পড়ে গিয়েছিলেন এক নম্বর কোর্টে। ওই কোর্টেই নাদালকে হারিয়ে হইচই ফেলেছেন ডারসিস। সারা বিশ্বে নিজের নাম ছড়িয়ে দিয়েছেন, তবে পড়ে গিয়ে কাঁধে প্রচণ্ড ব্যথাও পেয়েছেন এই বেলজিয়ান। সেটাই কাল হয়েছে, নাদাল-বধের নায়ক নিজেই বধ হয়েছেন চোটের কাছে। আরও বড় কিছু করার স্বপ্ন দেখা ডারসিস পুড়ছেন স্বপ্নভঙ্গের বেদনায়, ‘রাফার মতো মানুষকে হারানোর পর আপনি আরও বেশি কিছু দেখাতে চাইবেন, চাইবেন বেশি ম্যাচ খেলতে। আমি জীবনের সেরা ফর্মে ছিলাম। তাই আজ কোর্টে যেতে না-পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় হতাশা।’ এএফপি।