ফেদেরারের বিদায়ে ‘দুঃখিত’ নাদাল
জো উইলফ্রেড সোঙ্গার কাছে হেরে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার। দুই সেটে এগিয়ে যাওয়ার পরেও দুর্দান্ত ক্রীড়াশৈলীর মাধ্যমে ম্যাচে ফিরে এসে ফেদেরারকে স্তব্ধ করে দেন বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি টেনিস তারকা সোঙ্গা। ফেদেরারের বিদায়ে বাকি টেনিস দুনিয়ার মতো দুঃখিত বন্ধু নাদালও। মাঠে যতই প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মাঠের বাইরে এই দুই তারকার বন্ধুত্বের কথা কিন্তু কারও অজানা নেই।‘ফেদেরারের জন্য খুব দুঃখ হচ্ছে। রোলাঁ গারোঁতে (ফরাসি ওপেন) কিন্তু সে ভালোই ফর্মে ছিল। উইম্বলডনেও সে তাঁর ভালো ফর্ম অব্যাহত রেখেছিল। তবে সোঙ্গার বিপক্ষে ম্যাচে কিন্তু সে ভালো খেলেই হেরেছে।’ নাদালের মন্তব্য।ফেদেরার হেরে গেলেও জয়ী সোঙ্গার প্রশংসা করতে ভোলেননি নাদাল। তিনি বলেছেন, ‘সোঙ্গা সব সময়ই ভয়ংকর একজন প্রতিদ্বন্দ্বী।’ সোঙ্গার সার্ভিসকেও ‘দুর্দান্ত’ হিসেবে অভিহিত করেছেন নাদাল। নাদালের মতে, ‘সার্ভিসের এমন গতি যে খেলোয়াড়ের, তাঁর সঙ্গে খেলতে নেমে সবাই কম-বেশি চাপ অনুভব করে।’এদিকে সেমিতে নাদালের প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি মারেও ফেদেরারের বিদায়ে কিছুটা অবাক। তাঁর মতে, ‘আমি ফেদেরারের বিদায়ে সত্যিই অবাক হয়েছি।’ মারের মুখেও ঘুরে ফিরে এসেছে সোঙ্গার প্রশংসা। তিনি সোঙ্গাকে ‘দারুণ খেলোয়াড়’ হিসেবে অভিহিত করেন। মারে আরও বলেন, ‘যখন সোঙ্গা ফর্মের তুঙ্গে থাকে, তখন ওকে হারানো সত্যিই খুবই কঠিন।’ ওয়েবসাইট।