ফেদেরারের রূপে ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্ম ক্ষণস্থায়ী, জাত চিরন্তন—মৌসুমের শেষে এসে রজার ফেদেরার যেন মনে করিয়ে দিলেন এই সত্যটাই। গত প্রায় ১২টা মাস ফেদেরার নিজেকে হারিয়ে খুঁজেছেন। মৌসুম শেষের টুর্নামেন্ট এটিপি ট্যুর ফাইনালসে ফিরেছেন স্বরূপে। ডেভিড ফেরারের পর পরশু অ্যান্ডি মারেকেও সরাসরি সেটে হারিয়ে জানান দিলেন—এত দিন যা হয়েছে তা ভুলে যাও, এই শিরোপাটা আমার জন্য রেখে দাও!নিজেকে ফিরে পেতে মরিয়া ফেদেরার রাফায়েল নাদালের কাছে হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি। ধরে রাখতে পারেননি ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। কিন্তু মৌসুম শেষে এসে তাঁর প্রতিপক্ষরা টের পাচ্ছেন ফেদেরার তাঁর সেরা রূপে থাকলে কী হতে পারে।যে মারের কাছে সর্বশেষ দুটি ম্যাচে তিনি হেরেছেন, সেই মারেকে পরশু উড়িয়ে দিলেন ৬-৪ ও ৬-২ গেমে। ফেদেরার নিজেও একটু বিস্মিত, ‘অ্যান্ডিকে আমি এখানে এত সহজেই হারাতে পেরে বিস্মিত। আমার মনে হয়, সে তার সেরাটা খেলতে পারেনি।’ফেদেরার মারের খেলায় বিস্মিত হলেও বছর শেষের টুর্নামেন্টে তাঁর এই পারফরম্যান্স দেখে হয়তো অনেকেই বিস্মিত হবেন না। বছর শেষের এই টুর্নামেন্টে বরাবরই তিনি উজ্জ্বল। এর আগে ৮ বার অংশ নিয়ে এই শিরোপাটা চারবার জিতেছেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়। ফেদেরার নিজেও ভালো খেলার প্রত্যয় নিয়েই পা রেখেছেন লন্ডনের জিরো টু অ্যারেনায়। ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় মারেকে উড়িয়ে দেওয়ার পর সেই কথাই বলেছেন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকা, ‘এখানে আমি নিজের সেরা খেলাটা খেলতে পারব বলেই আশা করেছিলাম। আশা করছি, আমি সেমিফাইনালে যাব।’ এএফপি।