ফেদেরারের লক্ষ্য ‘২০’
মুত্তিয়া মুরালিধরন যে হুট করে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন, সে নাকি লড়াইয়ের প্রেরণার অভাবেই। টেস্টে ৮০০ উইকেট হয়ে গেছে। ধারেকাছে কেউ নেই। এ রেকর্ড কোনো দিন ভাঙবে সেই ক্ষীণ সম্ভাবনাও নেই। লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা কোত্থেকে পাবেন মুরালি? কেন রজার ফেদেরার তো ছিলেনই!হ্যাঁ, মুরালি চাইলে অনুপ্রেরণা খুঁজে নিতে পারতেন সুইস টেনিস কিংবদন্তির কাছ থেকেই। টেনিসের ১৬০টির মতো রেকর্ডে নাম আছে তাঁর। এসব বাদ দিন। সর্বকালের সেরার মাপকাঠি যদি হয় এককের গ্র্যান্ড স্লাম শিরোপাসংখ্যা, সেখানেও ফেদেরার অনন্য। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ডে ফেদেরারের সবচেয়ে ‘কাছে’ আছেন নাদাল, তাও ফেদেরারের অর্ধেক শিরোপা তাঁর (৮টি)। শুনে চমকে উঠতে পারেন, বর্তমান খেলোয়াড়দের মধ্যে ফেদেরার-নাদালের পর গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যায় তিনে আছেন লেটন হিউইট, যাঁর শিরোপা মাত্র ২টি!এতটা পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকেও পথচলায় বিরাম নেই ফেদেরারের। নিজেকে প্রতিনিয়তই চ্যালেঞ্জ ছুড়ে দেন। এরপর এগিয়ে যান সেই লক্ষ্যের দিকে। ২৯ বছর বয়সী ফেদেরার এবার যেমন লক্ষ্য স্থির করেছেন, কমপক্ষে ২০টি গ্র্যান্ড স্লাম জিতবেন, এরপরই ভাববেন অবসর নিয়ে। তিনি মনে করেন, এই লক্ষ্য ছোঁয়া অবশ্যই সম্ভব, ‘তিনটি মৌসুম আমি তিনটি করে গ্র্যান্ড স্লাম জিতেছি, এক মৌসুমে দুটি করে শিরোপা জিতেছি বেশ কবার। আমি তাই মনে করি, আমার পক্ষে এই লক্ষ্য অর্জন খুবই সম্ভব।’এই লক্ষ্য পূরণের জন্যই ফেদেরার ট্যুরে খেলছেন খুবই হিসাব করে। ‘বছরে এখন ১৬ থেকে ২০টির মতো টুর্নামেন্টে খেলি। মাত্রাতিরিক্ত খেলতে হচ্ছে না। পাশাপাশি নিজেকে তৈরিও রাখতে পারছি’—বলেছেন ফেদেরার। কিন্তু সাম্প্রতিক কিছু টুর্নামেন্টে তাঁর ব্যর্থতা এই প্রশ্ন তুলে দিয়েছে, ফেদেরার হয়তো আগের মতো ফিট নন। এই গুঞ্জন হেসেই উড়িয়ে দিলেন তিনি, ‘আমার শরীর যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। হ্যাঁ, বয়সের কারণে আগের চেয়ে কিছু কিছু ধকল সয়ে উঠতে বেশি সময় লাগছে। তবে আগের চেয়ে আমি আরও বেশি শারীরিক অনুশীলনও করছি এই সমস্যাগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে।’ এএফপি, ওয়েবসাইট।