ফেদেরারের সমকক্ষ নই: নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে ১০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার জিতেছেন ১৬টি গ্র্যান্ড স্লাম। তিনি এখন স্বপ্ন দেখছেন পিট সাম্প্রাসের ‘সপ্ত গৌরবের’। রাফায়েল নাদাল মনে করেন, ফেদেরারের সমকক্ষ হওয়াটা তাঁর জন্য আসলেই এক বিরাট ‘স্বপ্নে’র ব্যাপার। ফেদেরারের প্রতি অকুণ্ঠ সম্মান রেখেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি মোটেও তাঁর সমকক্ষ নন।কণ্ঠে বিনয় থাকলেও ২৫ বছর বয়সী এই স্প্যানিস টেনিস সেনসেশন কিন্তু সর্বকালের সেরা হওয়ার দিকে দারুণভাবেই এগিয়ে চলেছেন। আর একটি গ্র্যান্ড স্লাম জিতলেই তিনি বিয়ন বোর্গ, রড লাভারের সমকক্ষ হয়ে যাবেন। কাছাকাছি চলে আসবেন রয় এমারসন (১২টি গ্র্যান্ড স্লাম) ও পিট সাম্প্রাসের (১৪টি গ্র্যান্ড স্লাম)। ফেদেরারের সঙ্গেও লড়াইটা ভালোই জমে উঠবে। তার পরেও তিনি মনে করেন, সবকিছুই অনেক দূরের ব্যাপার!এসব নিয়ে এ মুহূর্তে ভাবতেও চান না নাদাল। বলেছেন, ‘আমরা অনেক কিছুরই স্বপ্ন দেখি। কিন্তু পূরণ হয় কয়টা? আমি এখনো ফেদেরারের ১৬টি গ্র্যান্ড স্লামের গৌরব থেকে অনেকটাই পিছিয়ে রয়েছি।’উইম্বলডন শুরু হচ্ছে আজ থেকে। আজই অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে নেমে পড়বেন বর্তমান চ্যাম্পিয়ন। তাঁর প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মাইকেল রাসেল। সামনে তাঁর উইম্বলডন গৌরব ধরে রাখার মিশন, পেছনে ফ্রেঞ্চ ও ইউএস ওপেন জয়ের উদ্দীপনা। কিছুদিন আগেই রোলাঁ গারো তে জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। সেই গৌরবের সব স্মৃতিই তরতাজা। তবে টেনিসের এই চ্যাম্পিয়ন তারকা সংশয়াচ্ছন্ন নিজের উইম্বলডন গৌরব ধরে রাখার মিশনে। তাঁর মতে, ‘এক মৌসুমে তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের ব্যাপারটি মোটেও সহজ নয়।’সর্বশেষ পাঁচটি উইম্বলডনের চারটিতেই নাদাল ফাইনালে খেলেছেন। কেবল ২০০৯ সালেই দুর্ভাগ্যজনক হাঁটুর ইনজুরি তাঁকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিয়েছিল। এ বছরটি বাদ দিলে উইম্বলডন তাঁকে আপনই করে নিয়েছে বলা যায়। নাদাল নিজেও উইম্বলডন নিয়ে আলাদা স্বপ্ন, আলাদা প্রত্যয়ই লালন করেন নিজের মধ্যে। তিনি বলেছেন, ‘আমি সব সময়ই বলেছি, আমার আজীবনের লালিত স্বপ্ন উইম্বলডন খেলা এবং এ প্রতিযোগিতাটি জেতা।’ ওয়েবসাইট।