ফেদেরারের সামনেই পড়লেন হিউয়িট
দুটো গ্র্যান্ড স্লাম জিতেছেন। সব মিলিয়ে ক্যারিয়ারের শিরোপার সংখ্যা ২৭। কিন্তু লেটন হিউয়িট রেকর্ডের খাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন অন্য কারণে। ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, টানা চারটি গ্র্যান্ড স্লামে তিনি তাদের কাছেই হেরেছেন, শেষ পর্যন্ত যারা চ্যাম্পিয়ন হয়েছে। ঘটনাটি ২০০৪ সালের। হিউয়িটকে হারানো মানেই যেন ছিল শিরোপা-ভাগ্য খুলে যাওয়া!ওই চারটি টুর্নামেন্টে তিনবারই তাঁর ঘাতকের নাম? রজার ফেদেরার! অথচ ২০০৪ অস্ট্রেলিয়ান ওপেনে ওই পরাজয়ের আগ পর্যন্ত ফেদেরারের বিপক্ষে নয় ম্যাচের সাতটাই জিতেছিলেন হিউয়িট। কিন্তু ২০০৪ সালে সেই যে হারলেন, এর পর আর ফেদেরারের বিপক্ষে জিততেই পারলেন না। ফেদেরারের মুখোমুখি গত ১৪ ম্যাচেই হেরেছেন। আগামীকাল কি অপেক্ষা করছে আরও একটি পরাজয়? প্রি-কোয়ার্টার ফাইনালে হিউয়িটের প্রতিপক্ষের নাম যে রজার ফেদেরার!চোটের কারণে খেলার মাঝপথ থেকে মার্কোস বাগদাতিস সরে দাঁড়ালে তৃতীয় রাউন্ডে ৬-০, ৪-২ গেমের অনায়াস এক জয় পেয়েছেন হিউয়িট। কিন্তু এর চেয়ে শতগুণ কঠিন ম্যাচ অপেক্ষা করছে তাঁর জন্য। ১৯৭৬ সালে মার্ক এডমন্ডসনের পর পুরুষ এককে দ্বিতীয় কোনো অস্ট্রেলীয়র হাতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা দেখার অপেক্ষাটা তাই হয়তো আরও বাড়ছে। কারণ তৃতীয় রাউন্ডে স্পেনের অ্যালবার্ট মন্তানেসকে কোনো সুযোগ না দিয়েই জিতেছেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। ফেদেরার-নাদালকে হারিয়ে বছর শুরু করা নিকোলাই ডেভিডেঙ্কো ৬-০, ৬-৩, ৬-৪ গেমে জিতে দুই ফেবারিটকে দিয়েছেন বিপদসংকেত। তৃতীয় রাউন্ডে সবচেয়ে দাপুটে জয় পেয়েছেন অবশ্য তৃতীয় বাছাই নোভাক জোকোভিচ। ডেনিস ইস্তোমিনকে হারিয়েছেন ৬-১, ৬-১, ৬-২ গেমে। জয় পেয়েছেন জো-উইলফ্রায়েড সোঙ্গা আর ফার্নান্দো ভারদাস্কোও।ওদিকে মেয়েদের কোর্টে দুই উইলিয়ামস বোনদের আরও একটি গ্র্যান্ড স্লাম দ্বৈরথের সম্ভাবনা জেগেছে। সেরেনা ৬-০, ৬-৩ গেমে কার্লা সুয়ারেজ আর ভেনাস কেসি দেলাকুয়াকে ৬-১, ৭-৬ (৭/৪) গেমে হারিয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। জয়ের ধারা অব্যাহত থাকলে দুই বোনের দেখা হয়ে যাবে সেমিফাইনালে। ভেনাস বোনদের সঙ্গী হয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন লি না, ভিক্টোরিয়া আজারেঙ্কা, ক্যারোলাইন ওজনিয়াকি আর স্বাগতিক অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর।চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের সঙ্গে তুলনা করে মনটা একটু খারাপই হতে পারে ফেদেরারের। নাদাল যেখানে আজ চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছেন ইভো কার্লোভিচের, ফেদেরারের প্রতিপক্ষ কিনা হিউয়িট! ফেদেরারের অবশ্য কোনো আক্ষেপ নেই, ‘হ্যাঁ, এবার আমার ড্রটা বেশ কঠিনই পড়েছে। অবশ্য আমি শারীরিকভাবে বেশ ভালো আর মানসিকভাবে বেশ সতেজ অনুভব করছি। ধীরে ধীরে আপনার সামনে তো আরও কঠিন প্রতিপক্ষ পড়বেই।’