ফেদেরারের হার, সোনা জিতলেন মারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসের চারটি গ্রান্ড স্ল্যাম জয়েরই স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। বাকি ছিল শুধু অলিম্পিকের সোনাটা। আজ পুরুষ এককের ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে সোনা জিততে পারলেই তিনি পূর্ণ করতে পারতেন ‘গোল্ডেন ক্যারিয়ার স্ল্যাম’। কিন্তু এ যাত্রায় আর সেই স্বপ্ন পূরণ হলো না সুইস এই টেনিস তারকার। যুক্তরাজ্যের অ্যান্ডি মারের কাছে ৬-২, ৬-১, ৬-৪ গেমে হেরে প্রথমবারের মতো অলিম্পিকের সোনা জয়টা অধরাই থেকে গেল ফেদেরারের। অন্যদিকে দুর্দান্ত এই জয় দিয়ে স্বাগতিকদের আরও একটি স্বর্ণপদক এনে দিলেন অ্যান্ডি মারে।মাত্র চার সপ্তাহ আগেই উইম্বলডনের ফাইনালে অ্যান্ডি মারেকে হারিয়ে শিরোপা জিতেছিলেন রজার ফেদেরার। তবে এইবার অলিম্পিকের আসরে সেই হারের প্রতিশোধটা বেশ ভালোমতোই নিয়েছেন মারে। প্রথম সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ফেদেরারকে আর কোনো সুযোগই দেননি যুক্তরাজ্যের এই টেনিস তারকা। টানা নয়টি গেম জিতে নিজের আয়ত্তে নিয়ে নেন খেলার নিয়ন্ত্রণ। প্রথম দুইটি সেটের তুলনায় তৃতীয় সেটটি জিততে একটু কষ্টই করতে হয়েছে মারেকে। তবে সে সময় তিনি পেয়েছেন দর্শকদের বিপুল সমর্থন। হয়তো এটাও একটা বড় ভূমিকা পালন করেছে মারের এই দুর্দান্ত জয়ের পেছনে। তৃতীয় সেটে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দর্শকসারি মুখরিত হয়েছিল ‘অ্যান্ডি’, ‘অ্যান্ডি’ ধ্বনিতে। সেটটা তিনি জিতে নেন ৬-৪ ব্যবধানে।লন্ডনে উইম্বলডনের আসরটাকে প্রায় নিজের ঘরই বানিয়ে ফেলেছিলেন রজার ফেদেরার। বিগত ১০ বছরে জিতেছিলেন সাতটি শিরোপা। কিন্তু সেই একই জায়গায় এবার ব্যর্থতার মুখ দেখতে হলো তাঁকে। অলিম্পিক আসরের সোনা জিতে ‘গোল্ডেন ক্যারিয়ার স্ল্যাম’ তিনি আর কখনো পূরণ করতে পারবেন কি না, তা এখন পড়ে গেছে সংশয়ের মুখে। কারণ আরও চার বছর পর যখন পরবর্তী অলিম্পিক অনুষ্ঠিত হবে, তখন ফেদেরারের বয়স হবে ৩৪ বছর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যান্ডি মারে প্রথম অলিম্পিক সোনা জয়ের স্বাদ তো পেয়েছেনই, সেই সঙ্গে তাঁর সামনে থাকছে ইতিহাস গড়ার হাতছানি। সতীর্থ লরা রবসনের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈত ইভেন্টে সোনা জিততে পারলে তিনি ১৮৯৬ সালের পরে প্রথম ব্রিটিশ টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিকের একই আসরে দুটি সোনা জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন। ১৮৯৬ সালে এই কীর্তিটি করেছিলেন জন বোল্যান্ড।—রয়টার্স