ফেদেরারের ২৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিট সাম্প্রাসের র‌্যাঙ্কিংয়ের রেকর্ডটা যে রজার ফেদেরারের হাতের মুঠোয় চলে আসছে, সেটা নিশ্চিত হয়েছিল উইম্বলডনের পরই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পরশু এটিপি প্রকাশ করেছে নতুন র‌্যাঙ্কিং। অনুমিতভাবে সুইস তারকাই সবার ওপরে। এ নিয়ে ২৮৭ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে এল ফেদেরারের নাম। ফলে পেছনে পড়ে গেল সাম্প্রাসের ২৮৬ সপ্তাহের রেকর্ড।সাম্প্রাসের ১৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড হাতবদলে ফেদেরারের হাতে উঠেছে অনেক আগে। এবারের উইম্বলডনটা ছিল ৩০ বছর বয়সী ফেদেরারের ১৭তম গ্র্যান্ড স্লাম। এক নম্বর বা শ্রেষ্ঠত্ব ধরে রাখাটা যে কতটা কঠিন, সেটা সবাইকে মনে করিয়ে দিয়ে সাম্প্রাস শুভেচ্ছাই জানিয়েছেন উত্তরসূরিকে, ‘মস্ত বড় একটা কাজ। খেলাধুলায় সবচেয়ে কঠিন কাজ হলো শীর্ষস্থানে নিজেকে ধরে রাখা। রজার দুর্দান্ত খেলে ও সক্ষমতা ধরে রেখেই এটা অর্জন করেছে।’এটিপিও প্রশংসায় ভিজিয়েছে ফেদেরারকে। সংগঠনের ওয়েবসাইটের হোমপেজটা কাল সাজানো হয়েছে ফেদেরারের অর্জন নিয়েই। সেখানে লেখা হয়েছে, ‘১৬.৭.২০১২—ইতিহাস সৃষ্টি হলো। অভিনন্দন রজার! সবচেয়ে বেশি সপ্তাহ এক নম্বর থাকার রেকর্ড করার জন্য অভিনন্দন। ২৮৭ ও...।’হ্যাঁ, রেকর্ডটায় আরও কয়েক সপ্তাহ যোগ হচ্ছেই। অলিম্পিকের পুরো সময়টাতেই এক নম্বর থাকছেন ফেদেরার। যদিও ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছেন নোভাক জোকোভিচ। দুজনের পয়েন্টের ব্যবধান মাত্র ৭৫। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার এক নম্বর হওয়ার পর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত রেকর্ড টানা ২৩৭ সপ্তাহ শীর্ষে ছিলেন ফেদেরার। এবার নিয়ে তিনবার এক নম্বর হওয়া ফেদেরার আরেকটি রেকর্ড থেকে ‘আদর্শ’ সাম্প্রাসকে সরিয়ে দিতে পেরে বেশ গর্বিত, ‘আমার শৈশবের নায়ক পিটের রেকর্ড ভাঙতে পেরেছি। এ জন্য নিজেকে খুব গর্বিত ও সম্মানিত মনে হচ্ছে। আমি সব সময়ই তাঁকে অনুসরণ করে এসেছি।’ এএফপি, রয়টার্স।