ফেদেরারের ৭০ শিরোপা
২০০৩ সালে উইম্বলডন জিতে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের মিশন শুরুর পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ট্রফি তাঁর হাতে ওঠেনি। তাই স্বভাববিরুদ্ধভাবে ফেদেরার অনেকটা ঘোষণার সুরে বলেছিলেন, বছরটা শেষ করতে চান শিরোপা জিতে। নিজের প্রতিশ্রুতি রক্ষার দায় তো ছিলই, ছিল রেকর্ড গড়ার প্রেরণা। প্রেরণার উৎস হয়ে সামনে আসে আরও একটি উপলক্ষ, লন্ডনের এটিপি বিশ্ব ট্যুর ফাইনালসের ফাইনালটি ছিল তাঁর ‘শততম’ ফাইনাল।সব উপলক্ষকেই ফেদেরার সার্থক করলেন তাঁর শততম ফাইনালে ৭০তম শিরোপা জিতে। পরশু রাতে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ গেমে হারিয়ে সুইস তারকা গড়েছেন এটিপি বিশ্ব ট্যুর ফাইনালসে সর্বোচ্চ ষষ্ঠ শিরোপা জয়ের রেকর্ড। এত দিন ফেদেরারের সঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট তারকার এই টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জয়ের কীর্তি ছিল পিট সাম্প্রাস ও ইভান লেন্ডলের। বিস্ময়কর এক বছর কাটানো নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল বিদায় নেন গ্রুপ পর্ব থেকেই। ফাইনালে তাই স্পষ্টই ফেবারিট ছিলেন ফেদেরার। কোর্টে তার প্রতিফলন ঘটিয়েই জয় তুলে নিয়েছেন ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। ফেদেরারের বিশ্বাস, ২০১২ সালে গ্র্যান্ড স্লাম খরা ঘোচাতে এই শিরোপা হবে বড় প্রভাবক। শুধু এটিপি ট্যুর ফাইনালসে নয়, বছরের শেষ তিনটি টুর্নামেন্টেরই শিরোপা উঠল ফেদেরারের হাতে। বাসেল, প্যারিসের পর জিতলেন লন্ডনেও। মানে সেপ্টেম্বর পর্যন্ত বছরটি যাঁর কেটেছে হতাশায়, সেই ফেদেরারই বছর শেষ করলেন টানা ১৭টি ম্যাচ জিতে। এর চেয়ে ভালোভাবে আর বছর শেষ করতে পারতেন না! ফেদেরার নিজেই যেমন বলেছেন, ‘আমার জন্য এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে ভালোভাবে বছর শেষ করার ঘটনা। যার জন্য আমি গর্বিত। আমি এখন তাকাচ্ছি আগামী বছরের দিকে। অবশ্যই, গ্র্যান্ড স্লাম জয়টা হবে দারুণ।’ এএফপি।