ফেদেরারের ৭৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটবার ফ্রেঞ্চ ওপেন জিতে কোনো গ্র্যান্ড স্লাম সবচেয়ে বেশিবার জয়ের যে  নতুন রেকর্ড গড়েছেন রাফায়েল নাদাল, সেটিতে ভাগ বসানোর সুযোগ রজার ফেদেরারের সামনে। ২৪ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডন জিতলে অল ইংল্যান্ড ক্লাবে ৮ বার শিরোপা জিতবেন তিনিও। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে খেলতে নামার সপ্তাহ খানেক আগে এক টনিকই পেলেন ফেদেরার। রাশিয়ার মিখাইল ইয়ুঝনিকে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে হ্যাল এটিপি শিরোপা জিতলেন সুইস ‘মাস্টার’। এটি বছরে তাঁর প্রথম শিরোপা, কিন্তু ক্যারিয়ারের ৭৭তম।

রজার ফেদেরার সর্বশেষ এটিপি শিরোপা জিতেছিলেন গত ইউএস ওপেনের আগে সিনসিনাটিতে। আর এবার জিতলেন এমন সময়ে, যেটি উইম্বলডনের আগে অবশ্যই আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগাবে। হ্যালের এই সাফল্যে সবচেয়ে বেশি এটিপি শিরোপা জয়ে ফেদেরার ছুঁয়ে ফেলেছেন জন ম্যাকেনরোকে। তাঁর সামনে আছেন আর মাত্র দুজন—১০৯ ও ৯৪টি শিরোপা নিয়ে জিমি কর্নস ও ইভান লেন্ডল।

শুধু ফেদেরারেরই নন, কুইন্স ক্লাব টেনিস জেতায় উইম্বলডনের প্রস্তুতি ভালো হলো অ্যান্ডি মারেরও। পরশু ফাইনালে তিনি ৫-৭, ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন ক্রোয়াট প্রতিপক্ষ মার্টিন চিলিচকে। এএফপি।