ফেদেরারের ৮০০
ম্যাচ শেষে রজার ফেদেরার হাত মেলালেন হুয়ান মোনাকোর সঙ্গে। তারপর হাত তুলে দিলেন দর্শক অভিনন্দনের জবাব। যেমনটা করে থাকেন আর দশটা জয়ের পর। কিন্তু আর দশটার চেয়ে এটিপি প্যারিস মাস্টার্স টেনিসে পরশুর জয়টি কি আলাদা নয় ফেদেরারের কাছে? এটি যে তাঁর ক্যারিয়ারের ৮০০তম জয়।ম্যাচ শেষে সে রকম উচ্ছ্বসিত দেখায়নি ফেদেরারকে। যদিও জয়টিকে আলাদা করেই রাখলেন নিজের কাছে, ‘এটা দারুণ ব্যাপার। অনেক টেনিস খেলেছি, অনেক ম্যাচ জিতেছি, জানি। কিন্তু এটাও জানি, কেউ কেউ আমার চেয়েও বেশি ম্যাচ খেলেছে। কাজেই এটা আরেকটা জয়। তা সত্ত্বেও এটি আমার কাছে বিশেষ কিছু। কারণ ৮০০ অবশ্যই একটা বড় সংখ্যা।’গত সপ্তাহে বাসেলে ৬৮তম ট্রফি জেতা ফেদেরার ৬-৩, ৭-৫ গেমে আর্জেন্টিনার হুয়ান মোনাকোকে হারিয়ে উঠেছিলেন শেষ চারে। গতকাল চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেছেন ফাইনালেও। যেটি তাঁর ৮০১তম জয়। এর আগে ম্যারাথন কোয়ার্টার ফাইনালে বার্ডিচ হারিয়েছিলেন দ্বিতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারেকে, স্কোর (৪-৬, ৭-৬ (৭/৫), ৬-৪)। এএফপি।