ফেদেরারের 'টুইনার' নাদালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শটটার সঙ্গে রজার ফেদেরারেরই নাম সবচেয়ে বেশি জড়িয়ে। তবে ইউএস ওপেনে পরশু রাফায়েল নাদাল দেখিয়ে দিলেন, তিনিও কম নন! তৃতীয় রাউন্ডে রাশিয়ার আন্দ্রেই কুজনেৎসভের বিপক্ষে ম্যাচের শেষ দিকে এই শটই তাঁকে জয়ের দিকে এগিয়ে দিল l এএফপি
শটটার সঙ্গে রজার ফেদেরারেরই নাম সবচেয়ে বেশি জড়িয়ে। তবে ইউএস ওপেনে পরশু রাফায়েল নাদাল দেখিয়ে দিলেন, তিনিও কম নন! তৃতীয় রাউন্ডে রাশিয়ার আন্দ্রেই কুজনেৎসভের বিপক্ষে ম্যাচের শেষ দিকে এই শটই তাঁকে জয়ের দিকে এগিয়ে দিল l এএফপি

চোট রজার ফেদেরারকে খেলতে দেয়নি ইউএস ওপেনে। নিজের প্রিয় প্রতিপক্ষের অভাব পূরণ করতে এগিয়ে এলেন রাফায়েল নাদাল নিজেই। পরশু তৃতীয় রাউন্ডে রাশিয়ার আন্দ্রে কুজনেতসোভের বিপক্ষে ম্যাচ পয়েন্টে ফেদেরারের বিখ্যাত ‘টুইনার’ মারলেন নাদাল। দুই পায়ের ফাঁক দিয়ে মারা ওই শটে ‘অ্যাডভান্টেজ’ পেলেন। পরের সার্ভেই ম্যাচ শেষ করে দিলেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে।
পরশু ফ্লাশিং মিডোতে এর চেয়েও সহজ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে ৪-২ গেমে এগিয়ে থাকার সময় চোট পেয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ান তাঁর প্রতিদ্বন্দ্বী মিখাইল ইউঝনি। দ্বিতীয় রাউন্ডেও প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় জোকোভিচকে কোর্টে দাঁড়াতে হয়নি। প্রথম রাউন্ডে চোটের কারণে বিশ্রাম নিতে হয়েছিল জোকোভিচকে, ম্যাচ গড়িয়েছিল চতুর্থ সেটে। আর পরের দুই ম্যাচে প্রতিপক্ষের চোট উল্টো বহুকাঙ্ক্ষিত বিশ্রাম এনে দিয়েছে জোকোভিচকে। যুক্তরাষ্ট্রের জন ইসনারের সে সৌভাগ্য হয়নি। র্যা ঙ্কিংয়ের ৮৪ নম্বর খেলোয়াড় ব্রিটিশ কাইল এডমন্ডের কাছে তিনি হেরে গেছেন ৬-৪, ৩-৬, ৬-২, ৭-৬ (৭/৫) গেমে।
মেয়েদের এককে ম্যাডিসন কিস অবশ্য যুক্তরাষ্ট্রকে স্বস্তি দিয়েছেন প্রত্যাবর্তনের অসাধারণ এক গল্প লিখে। শেষ সেটে ৫-১ গেমে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু জাপানের নাওমি ওসাকাকে হতাশ করে ম্যাচটি টাইব্রেকারে জিতে যান অষ্টম বাছাই ম্যাডিসন। গতবারের রানারআপ রবার্তা ভিঞ্চিও হাঁটতে পারতেন ওসাকার পথে। দ্বিতীয় সেটে ৫-৪ অবস্থায় ৩০-০ পয়েন্টে এগিয়ে থেকেও হেরে যান। তৃতীয় সেটে অবশ্য আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। জার্মানির কারিনা উইথফ্টকে হারিয়েই পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ডে।
আরেক জার্মান, দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কারবার এত জটিলতার ধার ধারেননি। মাত্র ৫৩ মিনিটের মধ্যেই ৬-১, ৬-১ গেমে ম্যাচ শেষ করে চলে গেছেন চতুর্থ রাউন্ডে। এএফপি, রয়টার্স।