ফেনী সকারে রুদ্ধ রাসেল
ম্যাচ শেষে শেখ রাসেল কোচ মারুফুল হক বললেন, ‘বেঁচে গেছি।’ তা ফেনী সকারের সঙ্গে ড্র (১-১) করাটা শেখ রাসেলের জন্য বেঁচে যাওয়াই। তবে এটাও ঠিক, এত সুযোগের অপচয় করলে এমন ফল শেখ রাসেলের আরও হবে।গত মাসেই ফেডারেশন কাপের গ্রুপ পর্বে আবাহনীকে হারিয়ে চমকে দিয়েছে ফেনী সকার। কালও দেখা যাচ্ছিল একই রকম তেজ। ম্যাচের শুরুতে ফেনীর ফুটবলারদেরই ছিল দাপট। ফলটাও পায় দ্রুত—৬ মিনিটেই ফেনী ১: ০ শেখ রাসেল। নয়নের পাস থেকে রোলান্ডের কোনাকুনি শট গোলরক্ষক বিপ্লবের মাথার ওপর দিয়ে সোজা জালে। তবে গোল খেয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নীল জার্সিরা। ১৮ মিনিটে ইউসুফের বাড়িয়ে দেওয়া বলে এমাকোর মাথা ছোঁয়ালেই চলত। পারেননি। ৩৩ মিনিটেও ইয়ামিন মুন্নার লব থেকে গোল করতে পারেননি এমাকো। যদিও ফেনীর গোলরক্ষক উজ্জ্বলের কৃতিত্ব আছে এখানে। এমাকোর হেড দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে বাঁচান উজ্জ্বল। দ্বিতীয়ার্ধে শেখ রাসেল ছিল আরও আক্রমণাত্মক। গোল শোধের সুযোগও চলে আসে ৭৯ মিনিটে। বক্সের বাইরে থেকে এমাকোর ফ্রি-কিক গোললাইনে দাঁড়ানো ভিক্টর হাত দিয়ে ঠেকালে পেনাল্টি পায় রাসেল। ভিক্টর দেখেন লাল কার্ড। এমাকো কি আর পেনাল্টি থেকে গোল মিস করেন (১-১)! তবে ১০ জনের দল হয়ে পড়া ফেনী সকারের সঙ্গে বাকি ১১ মিনিট দারুণ লড়েও পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ রাসেল। যদিও ড্র করেও খুশি ফেনী সকার কোচ রেজাউল হক, ‘ফেডারেশন কাপে আবাহনীকে হারিয়েছি। এ জন্য খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি আত্মবিশ্বাস। ভেবেছিলাম এই ম্যাচে জিতব। তবে বড় দলের বিপক্ষে এক পয়েন্ট পেয়েছি এতেই খুশি।’ মারুফুল হকের কথা, ‘আমার ছেলেরা প্রত্যাশামতো খেলতে পারেনি। অনেকগুলো সুযোগ কাজে লাগাতে পারেনি। আশা করছি, সামনের ম্যাচে এ সমস্যাগুলো কাটিয়ে উঠব।’