ফেনী সকারের গাম্বিয়ান-টনিক
স্বাধীনতা কাপ ফুটবল শুরুর মাস খানেক আগের ঘটনা। ফেনী সকার ক্লাবের অধিনায়ক আকবর হোসেন রিদনকে ডেকে কোচ ওমর সিসে একদিন বললেন, ‘শোনো, এই টুর্নামেন্টে আমরা ট্রফিটা নিতে চাই।’
কোচের দিকে সেদিন একটু অবিশ্বাসের চোখেই তাকিয়েছিলেন অধিনায়ক। লিগে অবমনের শঙ্কা চোখ রাঙাচ্ছে যে দলকে, সেই সকারই আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে। রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে শুরু। এরপর বিজেএমসির কাছে একই ব্যবধানে হার। কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের সঙ্গে ২-২ শেষে টাইব্রেকারে জয়। সেমিফাইনালে ব্রাদার্সের বিপক্ষে ২-০ জয়। স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হতে মাত্র একটা জয় দূরে।
হঠাৎ সকারকে বদলে দিয়েছেন তিন গাম্বিয়ান—ল্যান্ডিং দারোবি, ম্যাথু মেন্ডি ও কাব্বা জোবে। কোচ সিসে প্রথম পর্ব শেষেই গাম্বিয়া থেকে ঢাকায় আনেন পাঁচ ফুটবলার। এই তিনজনের সঙ্গে একটু বেশি সখ্য কোচের। মিডফিল্ডার মেন্ডি গাম্বিয়া জাতীয় দলে খেলছেন, বর্তমানে দলের সহ-অধিনায়ক। বেলজিয়ামের ক্লাবে খেলার প্রস্তাব পেয়েও কোচের অনুরোধে মূলত ঢাকায় এসেছেন ফরোয়ার্ড ল্যান্ডিং। আরেক ফরোয়ার্ড কাব্বা এসেছেন গাম্বিয়ান লিগের মাঝপথে।
কমলাপুর স্টেডিয়ামে কাল অনুশীলনে একটু বেশিই পরিশ্রম করলেন সিসের তিন তাস। আলাদা করে নজর কাড়লেন ১.৮৭ মিটার উচ্চতার ল্যান্ডিং। অধিনায়ক রিদন তিন গাম্বিয়ানে মুগ্ধ, ‘ওদের প্রথম অনুশীলন দেখেই মনে বিশ্বাস জন্মেছে কিছু করা সম্ভব। প্রথম ম্যাচের পর বুঝলাম, গড়পড়তা নিম্নমানের বিদেশিদের চেয়ে ওরা একটু আলাদা।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জোড়া গোল করেন ল্যান্ডিং। আজকের ফাইনালেও চান গোল করতে, ‘গোল করে কোচের আস্থার প্রতিদান দিতে তৈরি আমি।’ গাম্বিয়াতেই প্রথম বিভাগে খেলা কাব্বা ঢাকা থেকে সিসের ফোন পেয়ে চলে আসেন। সেটি মনে করে কাল হাসছিলেন, ‘কোচের সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। ও বলায় আর না করিনি। এখন ইতিহাস গড়ার অংশ হতে চাই আমরাও।’
তিন ফুটবলারের দিকে তাকিয়ে কোচ সিসে। তাঁর কথা, ‘ওরা খুবই ভালো মানের খেলোয়াড়। এখানে নিয়ে এসেছি বাংলাদেশের ফুটবলকে কিছু দিতে।’
ফেনী সকারের আজ একটু বেশিই প্রত্যাশা তিন গাম্বিয়ানের কাছে।