ফেনী সকারের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের বাকি মিনিট আটেক। ০-১ গোলে পিছিয়ে রহমতগঞ্জ। ফ্রান্সিসকে তুলে মাঠে নামানো হলো মতিউরকে। রহমতগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকারের মাঠ থেকে হেলতে-দুলতে বের হতে দেখে বেশ বিরক্ত কোচ-কর্মকর্তা। ফ্রান্সিসের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল, যেন ম্যাচে এগিয়ে রহমতগঞ্জই। ধীরগতির ফ্রান্সিসের সঙ্গে রহমতগঞ্জের চার বিদেশিই কাল বাজে খেলেছে। সুবাদে ম্যাচটাও হাতছাড়া। আট দিন পর আবার মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের কালকের ম্যাচটা ২-০ গোলে জিতেছে ফেনী সকার। ছয় ম্যাচে এটি তাদের প্রথম জয়। ৫ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে তারা দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে সবার নিচে রহমতগঞ্জ।অবনমনের শঙ্কা দুই দলেরই। কিন্তু রহমতগঞ্জের কালকের খেলায় অন্তত অবনমন এড়িয়ে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা দেখা যায়নি। বিরতির আগে মিলনের একটা হেড কর্নারের বিনিময়ে রক্ষা করেন সকারের গোলরক্ষক আরিফুল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের গতিটা বাড়িয়ে দেয় সকার। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। বক্সের ভেতরে দাঁড়ানো রোলান্ডের ব্যাক পাস থেকে বল জালে পাঠান আটাঙ্গানা (১-০)। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় পিন্টুর বাড়িয়ে দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন রোলান্ড।