ফেনীতে এসে ঢাকার অনেক বড় দলই এর আগে হোঁচট খেয়েছে। তবে উপচে পড়া গ্যালারির সমর্থনে উজ্জীবিত হয়েও শেখ রাসেল ক্রীড়াচক্রের সামনে কাল বাধা হতে পারেনি স্থানীয় ফেনী সকার ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে শেখ রাসেল জিতেছে ৩-১ গোলে।ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই প্রথম পর্ব শেষ করল। তবে তাদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে শেখ জামাল ও আবাহনী। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট শেখ জামালের, সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৬।এই পরাজয়ে অবনমনের শঙ্কা আরও জোরালো হলো সকারের। ৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৩। সমান ম্যাচে আরামবাগেরও ৩ পয়েন্ট। ৭ ম্যাচে ব্রাদার্সেরও ৩ পয়েন্ট। শিরোপার মতো অবনমন বাঁচানোর লড়াইটাও জমজমাট!কাল ৬ মিনিটে মরোক্কান মিডফিল্ডার তারিকের গোলে এগিয়ে যাওয়া রাসেলকে কিছুক্ষণের জন্য চিন্তায় ফেলেন সজীব। ২৬ মিনিটে দারুণ হেডে করেন সমতাসূচক গোলটা। প্রথমার্ধের শেষ দিকে জাহিদ করে দেন ২-১।দ্বিতীয়ার্ধ ছিল রাসেলেরই নিয়ন্ত্রণে। তবে সকার দু-তিনবার গোলের কাছাকাছি গিয়েও ম্যাচে ফিরতে পারেনি, উপরন্তু ৮৭ মিনিটে মামুনুল বাড়িয়ে নেন ব্যবধান (৩-১)। দারুণ খেলেই জয় পেয়েছেন বলে খুশি শেখ রাসেলের কোচ মারুফুল হক, ‘ম্যাচে আমরা সবকিছুই ঠিকঠাক করতে পেরেছি।’খেলার গতিটা অবশ্য মাঝেমধ্যেই বাধা পেয়েছে। ৩০ মিনিটে একটি তুচ্ছ ঘটনায় দুই দলের খেলোয়াড়েরা জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। তবে ৩-৪ মিনিট খেলা বন্ধ থাকলেও কোনো অঘটন ঘটেনি।