ফেনীতে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ ফুটবলের বাছাইপর্ব ফেডারেশন শিল্ড কাপের খেলা আয়োজনে ফেনী তৈরি। আগামীকাল এখানে শুরু হচ্ছে খেলা। এই ভেন্যুতে পাঁচটি দলের অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু খেলবে চারটি দল—ফেনীর রামপুর বয়েজ ক্লাব, নোয়াখালী ফুটবল একাডেমী, রংপুর ডিএফএ একাদশ ও রহমতগঞ্জ।গত পরশু ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ভেন্যু চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, টুর্নামেন্ট জমজমাট, আকর্ষণীয়, সফল ও সুন্দরভাবে শেষ করতে নানা উদ্যোগ তাঁরা নিয়েছেন। বাইরের দলগুলো যাতে ফেনীতে সুন্দরভাবে খেলতে পারে, সে জন্য মাঠের সার্বিক উন্নয়ন করা হচ্ছে। ভালো আবাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় স্থানীয় আয়োজকেরা। খেলা দেখতে টিকিট লাগবে না। দর্শক মাঠে আনতে মাইকিং চলবে। থাকছে ব্যানার ও ফেস্টুন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেনের আশাবাদ, পেশাদার লিগের ভেন্যু হিসেবে ফেনীর আয়োজকেরা যেভাবে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন, এই টুর্নামেন্টেও সেই উদ্যম নিয়ে তাঁরা কাজ করবেন। সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।